২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীমকে গুলি: র‌্যাব-পুলিশের দুই রকম বক্তব্য

আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমকে গুলি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে র‌্যাবের বক্তব্যের ভিন্নতা পাওয়া যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 06:34 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

শামীমকে গুলির পেছনে ‘ব্যবসায়িক অংশীদার’
আওয়ামী লীগ নেতা শামীমকে গুলি
শামীমকে গুলি: সন্ত্রস্ত আওয়ামী লীগ নেতারা
শামীমকে গুলি: গ্রেপ্তার ৭ জন রিমান্ডে

এই হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের পর বুধবার সংবাদ সম্মেলনে ঘটনাটি সম্পর্কে নিজেদের অনুসন্ধান তুলে ধরা হয় পুলিশের পক্ষ থেকে।

চারজনকে গ্রেপ্তার করে একদিন আগেই র‌্যাবও একই ধরনের সংবাদ সম্মেলন করে তাদের অনুসন্ধানে পাওয়া তথ্য তুলে ধরে।

পুলিশ বলছে, এই হামলার পরিকল্পনা সাজিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক এক সদস্য, যার নাম নূরে আলম সিদ্দিকী।

র‌্যাবের সংবাদ সম্মেলনে শামীমের এক ব্যবসায়িক অংশীদারকে এই হামলার পরিকল্পনার জন্য দায়ী করা হয়েছিল।

তদন্তের স্বার্থে নাম ‘বলা যাবে না’ বললেও সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেয়ার সময় পরিকল্পনাকারী হিসেবে ‘জসিম’ নামটি বেরিয়ে এসেছিল র‌্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমানের মুখ থেকে।

তবে গোয়েন্দা পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, শামীমের ওপর হামলা করতে অন্য এক ব্যক্তির মাধ্যমে জসিমকে ভাড়া করতে চেয়েছিলেন নূরে আলম, কিন্তু জসিম ভারতে পালিয়ে থাকায় তাকে পাওয়া যায়নি।

র‌্যাবের বক্তব্য অনুযায়ী, এই হামলার জন্য ১ লাখ টাকা খরচ করেন ‘জসিম’। অন্যদিকে পুলিশ বলছে,শামীমের ওপর হামলা চালাতে ৬ লাখ টাকা খরচের পরিকল্পনা করেন নূরে আলম।

পুলিশ বলছে, এর আগেও একদিন ধানমণ্ডিতে শামীমের ওপর হামলা চালানোর পরিকল্পনা হয়েছিল। তবে র‌্যাবের বক্তব্য অনুযায়ী, ওই স্থানটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস।

ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম গত ১৯ জুন ধানমণ্ডিতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। মোটর সাইকেল আরোহী তিনজন গাড়িতে থাকা শামীমকে লক্ষ্য করে গুলি চালালে তার বাঁ হাতে গুলি লাগে।

এই হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার সাংবাদিকদের সামনে আনা হয়। তারা হলেন- মনির হোসেন, মো. হারুন, মেহেদী হাসান ও নজরুল ইসলাম জুয়েল।

মনিরকে রাজবাড়ীর পাংশা  থেকে, হারুনকে মুন্সীগঞ্জ থেকে এবং মেহেদী ও জুয়েলকে রাজধানীর তেজতুরী বাজার বস্তি থেকে গ্রেপ্তার করা হয়।

Image
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চারজন

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চারজন

এদের মধ্যে মনির ও জুয়েল হামলা পরিকল্পনায় জড়িত এবং টাকার বিনিময়ে হারুন ও মেহেদী সরাসরি গুলিবর্ষণে জড়িত বলে র‌্যাব জানায়।

এর একদিন বাদেই তিনজনকে গ্রেপ্তার করে সাংবাদিকদের সামনে আনে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- নূরে আলম সিদ্দিকী, নাজিমুল হক মিঠু ও রানা হাওলাদার।

এর মধ্যে রানা সরাসরি হামলায় অংশ নেন বলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান। র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেদী ও হারুনও বলেছিলেন, তাদের মোটর সাইকেলটি চালাচ্ছিলেন রানা নামে একজন।

র‌্যাব ও পুলিশ নিজ নিজ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলন করে এই হামলার পরিকল্পনার বিষয়ে কথা বলেছে।

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, “রানাকে চিনতেন না নূরে আলম, তিনি চিনতেন মিঠুকে। মিঠুর মাধ্যমে তিনি এ কাজ রানাকে দিয়ে করান। রানার মাধ্যমে অন্যরা জড়িত হয়।”

শামীমকে পঙ্গু করতে এই হামলার পরিকল্পনা হয়েছিল- গ্রেপ্তারকৃতদের উদ্ধৃত করে একথা জানিয়ে মনিরুল বলেন, “রানার বড় ভাই জসিমকে মিঠু ভাড়া করতে গিয়েছিল। কিন্তু জসিম ভারতে পালিয়ে থাকায় রানাকে দিয়ে এ কাজ করানো হয়।”

গ্রেপ্তার সাতজনকেই জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতের মাধ্যমে হেফাজতে নিয়েছে পুলিশ। 

শামীমকে ‘শিক্ষা’ দিতে হামলা

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অন্যতম পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শামীমকে ‘শিক্ষা’ দিতে তার ওপর গুলি চালানো হয় বলে পুলিশের দাবি।

মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন,নুরে আলম সিদ্দিকী স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। শামীম তাকে সে পদ থেকে সরিয়ে দিয়েছিলেন।

“এছাড়া নূরে আলমের শারীরিক সমস্যা থাকায় শামীম তা নিয়ে তাকে কটাক্ষ করতেন। তাই তাকে উচিত শিক্ষা দিতে লোক ভাড়া করে হামলার পরিকল্পনা করেন নূরে আলম।”

নূরে আলম এক সময় আওয়ামী লীগ করতেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠীর রাজাপুরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে হেরেছিলেন তিনি।

হামলার উদ্দেশ্য ছিল শামীমকে পঙ্গু করা- গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধৃত করে একথা জানিয়ে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, তারা আগেও ধানমণ্ডি এলাকায় গিয়েছিল শামীমকে গুলি করতে।

“সেই দিন গুলি করলে শামীম মারা যেতে পারে বিধায় গুলি না করে চলে আসে।”

তবে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের কথা বলা হয়।

র‌্যাব মুখপাত্র হাবিবুর একদিন আগে বলেছিলেন, গত ১৭ জুন শামীমকে হত্যার প্রথম চেষ্টা চালানো হয়েছিল।

“সেদিন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের সামনে শামীমকে হত্যার উদ্দেশ্যে এক রাউন্ড গুলি করে মেহেদী। তবে পিস্তল ফেঁসে যাওয়ায় সেখান থেকে গুলি বের হয়নি। এতে প্রাণে বেঁচে যান শামীম।”

শামীমের ওপর গুলি চালানোর কথা স্বীকার করে র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেদী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “রানা ভাই আমাকে বলে, তার বড় ভাই জসিমকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অন্যায়ভাবে সাসপেন্ড করা হয়েছে। এজন্য একজন শিক্ষককে গুলি করে ভয় দেখাতে হবে। তার কথায় রাজি হয়ে ঘটনার দিন মোটরসাইকেলে আমি, রানা ভাই ও হারুন ভাই ধানমণ্ডিতে উপস্থিত হই।”

এরপর শামীমের গাড়ি আসার তথ্য পেয়ে মোটর সাইকেল নিয়ে গিয়ে গুলি চালান তারা।

“মোটর সাইকেল শামীম ভাইকে বহনকারী গাড়ির বামে আসার পর আমি তিনটা গুলি করি। হারুন ভাই একটা গুলি করার পর তার বন্দুক কাজ করছিল না।”

Image
গুলিবিদ্ধ শামীম হাসপাতালে

গুলিবিদ্ধ শামীম হাসপাতালে

গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেছেন, শামীমের ওপর হামলার জন্য ছয় লাখ টাকায় অন্যদের সঙ্গে ‘রফা’ হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন তারা। 

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, ওই হামলার মূল পরিকল্পনা করে নূরে আলম। সে ছয় লাখ টাকায় অন্যদের ভাড়া করে।”

একদিন আগে র‌্যাবের মুখপাত্র হাবিবুর রহমান বলেছিলেন, “শামীমকে হত্যার জন্য ১ লাখ টাকা খরচ করার পরিকল্পনা করেন জসিম। খুনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে দায়িত্ব দেয়া হয় মনিরকে।

“মনির ভাড়াটে অপরাধী ঠিক করা, কারা-কিভাবে-কোথায় শামীমকে গুলি করবে, তা ঠিক করার দায়িত্ব দেয় জুয়েলকে।”

রানাকে গ্রেপ্তারের পাশাপাশি হামলায় ব্যবহৃত তার লাল রঙের মোটর সাইকেলটি পুলিশ আটক করেছে।

র‌্যাব বলেছে, তেজগাঁওয়ের অস্ত্র ব্যবসায়ী সাঈদের কাছ থেকে মোটর সাইকেল ও দুটি পিস্তল ভাড়া করা হয়। হামলার পর অস্ত্র দুটি ফেরত দিয়ে আসা হয়।

সাঈদ স্বেচ্ছাসেবক লীগের নেতা বলে র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেদী ও হারুন সাংবাদিকদের বলেছিলেন। তবে কোন পদে আছেন, তা বলতে পারেননি।

পুলিশ উপকমিশনার জাহাঙ্গীর হোসেন বলেন, এই হামলার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাবের অভিযানের বিষয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “হামলার সময় মোটর সাইকেল চালচ্ছিল রানা। তার সঙ্গে ছিল মেহেদী ও হারুন। গত সোমবার মেহেদী ও হারুনকে র‌্যাব গ্রেপ্তার করে। আর হামলায় ব্যবহৃত মোটর সাইকেলটিসহ রানা আমাদের হাতে ধরা পড়েছে।”