গ্যাস সংকট নিরসনে না’গঞ্জ তিতাস অফিস ঘেরাও
নারায়ণগঞ্জে গ্যাস সংকট সমাধানের দাবিতে বিএনপি ও আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সংগঠন তিতাস গ্যাস অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার দুপুরে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিস ঘেরাও করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস অফিস ঘেরাও করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের সংগঠনটি। এ সময় তারা তিতাস গ্যাসের প্রধান ফটকের সামনে সমাবেশ করে।
সংগঠনের সভাপতি নুরুউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে স্থানীয়রা বক্তব্য রাখেন।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসের সংকট চলছে। এই সংকট সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বার বার তাগিদ দেয়া হলেও তারা সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়া হয়নি। রমজানে এই সংকট আরো প্রকট হয়েছে।
এই পরিস্থিতিতে নগরবাসীর দুর্ভোগ কমাতে অবিলম্বে গ্যাস সংকটের সমাধানের দাবি জানান তারা।
গ্যাস দিতে ব্যর্থ হলে তিতাস গ্যাসকে আর বিল দেয়া হবে না বলে তারা হুঁশিয়ার করেন।
একই সময় শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গ্যাস সংকট সমাধানের দাবিতে নগর বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা শহরে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অফিস ঘেরাও করে।
এ সময় তাদের সঙ্গে ঝাড়ু মিছিল নিয়ে নারী-পুরুষ অংশ নেয়।
নগর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।
সমাবেশে নগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাস সংকট সমাধান না হলে ডিসি অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে এখন থেকে গ্যাস না পেলে বিল না দেয়ার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানান তারা।
