দায়িত্বে রাজনৈতিক প্রভাবকে ‘পাত্তা’ নয়: কাদের
রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়ে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনে বলিষ্ঠ থাকার নির্দেশনা দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে যোগাযোগ মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
জেলা প্রশাসকরা কি ধরনেরর সমস্যার কথা বলেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কাদের বলেন, “জেলা প্রশাসকরা কিছু কিছু জায়গায় রাজনৈতিক প্রভাবের মুখে পড়েন, তা বলেছেন। নতুন নতুন রাস্তা তৈরি ও প্রসস্ত করার কথাও বলেছেন।”
ফাইল ছবি
“রাস্তাগুলো যেন দখল না হয়, নসিমন-করিমনসহ অ-অনুমোদিত পরিবহন হাইওয়েতে সংকট সৃষ্টি করে সেগুলো প্রতিরোধ করা, এসব বিষয়ে কোন প্রকার রাজনৈতিকভাবে প্রভাবিত না হয়ে তাদের দায়িত্ব পালনে বলিষ্ঠ থাকতে বলা হয়েছে।”
অধিবেশনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, “রেলের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালানো হবে, এজন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।”
