২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল ‘পাচারের সময়’ গুদাম কর্মকর্তাসহ আটক ৪

লালমনিরহাটের পাটগ্রাম সরকারি খাদ্য গুদাম থেকে ৫০০ বস্তা চাল পাচারের অভিযোগে গুদাম কর্মকর্তাসহ চারজনকে পুলিশে ধরিয়ে দিয়েছে এলাকাবাসী।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 11:28 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের কোর্টতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান।

আটকরা হলেন- গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালাম মিঞা, অফিস সহকারী খগেন্দ্র নাথ, নৈশপ্রহরী ইসমাইল হোসেন এবং স্থানীয় বেলাল হোসেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তারা চাল বোঝাই ট্রাকসহ ওই চারজনকে আটক করে পুলিশে খবর দেন। এরইমধ্যে সেখানে শ’ খানেক লোক জড়ো হয়। পরে ঘটনাস্থলে আসেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওছমান গণি এবং ওসি আমিরুজ্জামান।

প্রশাসনের কর্মকর্তারা সরকারি গুদাম সিলগালা করে চলে যাওয়ার সময় স্থানীয়রা তাদের অবরুদ্ধ করে আটক চারজনকে গ্রেপ্তারের দাবি জানায়। পরে ওই চারজনকে আটক করা হলে রাত ৩টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে ওসি আমিরুজ্জামান জানান।

ইউএনও রফিকুল বলেন, “বুধবার রংপুর বিভাগীয় ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ঘটনাস্থলে এলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

অবশ্য অভিযোগ অস্বীকার করে গুদাম কর্মকর্তা আব্দুছ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলাল ৫০০ বস্তা চিকন চালের পরিবর্তে সমপরিমাণ মোটা চাল গুদাম থেকে পরিবর্তন করে নিয়ে যাচ্ছিলেন।”

ওসি জানান, আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।