২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

গরু পার করানোর সময় নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছেন, আহত হন একজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বামনপাড়া এলাকার ২৪৫ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।

তবে তার (৩৫) পরিচয় জানাতে পারেনি বিজিবি।

আহত জিল্লুর রহমান (৩০) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, ভোরে জিল্লুর রহমান ও তার সহযোগী চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। তারা ২৪৫ নম্বর পিলারের কাছে এলে বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জিল্লুরের সহযোগী মারা যান।

তিনি বলেন, গুলিবিদ্ধ জিল্লুর বাংলাদেশের অভ্যন্তরে এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি দেয় বিজিবি।

বেলা ১১টার দিকে সীমান্তের ২৪৫/৮ পিলারের পাশে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক শেষে আটক জিল্লুরকে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

বৈঠকে ভারতের পক্ষে ছত্রহাটি বিএসএফ কমান্ডার এ সি শ্রী এস কে সিং ও বাংলাদেশের পক্ষে আদাতলা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার হযরত আলী নেতৃত্ব দেন।