২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএইচটি কমিশনে হামলায় পাহাড়িদের বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) প্রতিনিধি দলের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়িদের তিনটি সংগঠন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 04:19 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার বেলা ১১টায় গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ এবং হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে শহরের স্বনির্ভর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি সদর উপজেলা পরিষদ হয়ে চেঙ্গী স্কয়ার এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমা, সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রি চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে সিএইচটি কমিশন প্রতিনিধি দলের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে গণতান্ত্রিক ও বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী পাহাড়ে নিরপেক্ষ ভুমিকা না রেখে সাধারণ মানুষকে হয়রানি করছে।

শনিবার রাঙামাটিতে সিএইচটি কমিশনের প্রতিনিধি দলের গাড়ি বহরে হামলা হয়। হামলার পর চট্টগ্রাম ফিরে এক সংবাদ সম্মেলনে কমিশনের কো চেয়ার সুলতানা কামাল অভিযোগ করেন, আলোচনা এড়িয়ে পার্বত্যাঞ্চলের বাঙালিদের সংগঠন সমঅধিকার আন্দোলন রাঙামাটিতে এ হামলা চালিয়েছে।