‘যুদ্ধাপরাধী’ ফোরকানকে কারাগারে পাঠানোর নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশালের মো. ফোরকান মল্লিককে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
একইসঙ্গে আগামী ১৪ অগাস্ট এ মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আবেদনটি করেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল।
বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয়।
আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ দিতে বললে ফোরকান মল্লিক বলেন, “আমি গরীব মানুষ। কিভাবে আইনজীবী নিয়োগ দেব?”
এর আগে গত ৩০ জুন ফোরকানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছিল।
প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল সাংবাদিকদের জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, ফোরকানের বিরুদ্ধে গত ২৬ জুন থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায় তার বিরুদ্ধে তদন্ত করছেন।
