২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ

যানজটের ভোগান্তি এড়াতে রাজধানীতে ঈদের আগ পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 08:47 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে যানজট নিরসনে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত সভায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামতেরও সিদ্ধান্ত হয়।

সভা শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের কাজ করবে ঢাকা সিটি কর্পোরেশন এবং ওয়াসা।

সভায় যানজট নিরসনে ১২টি সিদ্ধান্ত নেয়া হয় জানিয়ে মন্ত্রী বলেন, ১১ জুলাই পরবর্তী বৈঠকে এসব বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

ওবায়দুল কাদের বলেন, “মগবাজার-বাংলামোটর-মৌচাক-সাতরাস্তা এবং যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের নিচের সড়ক অবিলম্বে চলাচল উপযোগী করা হবে। পাশাপশি শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় যে গর্ত তৈরি হয়েছে তা মেরামত করা হবে।”

এ কাজগুলো ঢাকা সিটি কর্পোরেশন করবে বলে জানান তিনি।

এছাড়া সব মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত ত্বরান্বিত করা এবং ঈদের ৭ দিন আগে ও তিন দিন পর পর্যন্ত মাওনা, চন্দ্রার মোড়, কালিহাতি, জয়দেবপুরসহ বিভিন্ন সড়কে চলমান সংস্কারকাজ বন্ধ রাখতে হবে বলেও জানান মন্ত্রী।

তিনি জানান, রমজানে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কে ভাসমান দোকান বসানো এবং যত্রতত্র গাড়ি পার্কিং রোধে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, নৌ পরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।