২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণায় বরাদ্দ নেই শাবির বাজেটে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ অর্থবছরে ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বাজেটে গাবেষণা খাতে বরাদ্দ না দেয়ার সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জন্য ২০১৪-১৫ অর্থবছরের ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।

এতে বেতন-ভাতাদি খাতে ৩৮ কোটি ৪৫ লাখ টাকা, পেনশন খাতে এক কোটি ৩০ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৬ কোটি টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৬ কোটি ২০ লাখ টাকা, রক্ষণাবেক্ষণে ৭০ লাখ টাকা, মূলধন মঞ্জুরি খাতে এক কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়।

বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে সাত কোটি টাকা।

বাজেট প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে বাজেটে গবেষণায় কোনো বরাদ্দ নেই তা কোনোভাবেই বিশ্ববিদ্যালয় তথা উচ্চশিক্ষা প্রতিষ্ঠনের বাজেট হতে পারে না।

‍‍‍‌‌‌এই বাজেট বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক চর্চা ও লুটপাটের কেন্দ্রে পরিণত করার একটি প্রয়াস বলে মনে করেন তিনি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অনিক ধর বলেন, গবেষণায় কোনো বরাদ্দ না দিয়ে সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করছে। এর মাধ্যমে সাধারণ পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধের চক্রান্ত করা হচ্ছে।