৩ ‘চোরাচালানিকে’ অভিযোগপত্রে অন্তর্ভুক্তের নির্দেশ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৯২৩টি সোনার বার আটকের মামলায় বাদ যাওয়া তিন আসামিকে অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রামের মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান রোববার এ আদেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত তিন আসামিকে অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করার নির্দেশ দেন।
আগামী ১৭ জুলাই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে বলে জানান তিনি।
এরআগে গত ৫ জুন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আদালতে তিন আসামিকে অভিযোগপত্রভুক্ত করতে আদালতে আবেদন করেন।
এ তিন জন হলেন- মো. রহিম শিকদার, ফজলুল হক ওরফে ফয়সাল ও মাহমুদুল হাসান।
গত ২৫ মার্চ শাহ আমানত বিমানবন্দর থেকে ৯২৩টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর, যা এ যাবতকালে চট্টগ্রামে ধরা পড়া সবচেয়ে বড় সোনার চালান।
এ ঘটনায় দশজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে পতেঙ্গা থানায় একটি মামলা করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর গত ১১ মে ১০ আসামির মধ্যে তিনজনকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এই মামলার ১০ আসামি হলেন- শফিউল ইসলাম, মনসুর ইসলাম রকি, নাহিদ তালুকদার, পেয়ারুল ইসলাম, ইমতিয়াজ খান, মো. ইয়াকুব, মাহিন উদ্দিন, মো. রহিম শিকদার, ফজলুল হক ওরফে ফয়সাল ও মাহমুদুল হাসান।
সোনা চোরাচালানের সঙ্গে জড়িত না থাকার যুক্তি দেখিয়ে ওই আসামিদের মধ্যে শেষ তিনজনকে অভিযোগপত্র থেকে বাদ দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা।
১০ জনের মধ্যে দুইজন উচ্চ আদালত থেকে নেয়া জামিনে মুক্ত থাকলেও বাকি আটজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
গত ২৫ মার্চ উদ্ধার করা ৯৩২টি সোনার বারের আনুমানিক মূল্য ৪৬ কোটি ১৫ লাখ টাকা।
