২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদার শুভেচ্ছা

রমজান মাস উপলক্ষ্যে দেশের মুসলিম ধর্মাবলম্বীদের ভিন্ন ভিন্ন বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কেউ কেউ রোজা শুরু করলেও রোববার রাতে সেহরি খেয়ে সোমবার রোজা রাখবেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তারা শুভেচ্ছা বাণীতে বলেন, “সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

“আমি আশা করি সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।

“আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।”

প্রধানমন্ত্রী তার বাণীতে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌ-ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

দেশবাসীসহ মুসলিম উম্মাকে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার এক বিবৃতিতে বলেন, “মাহে রমজান অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে আমাদের নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে ওঠার ব্রত নিতে হবে।

“অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।”

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন দেশবাসীসহ মুসলিম উম্মার অব্যাহত সুখ,শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।

পুরনো খবর:

রোজা উপলক্ষে ওবামার শুভেচ্ছা