‘কালুখালী-ভাটিয়াপাড়া লোকাল ট্রেন চাই’
রাজবাড়ীর কালুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত ৭২ কিলোমিটার রেল লাইনে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।
দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর এ লাইনে পুনরায় চালু হওয়া ট্রেনটি কালুখালী ও ভাটিপাড়ার মধ্যে শুধু দুটি স্টপেজে থামে প্রতিবার দুই মিনিট করে।
আরো অন্তত আটটি স্থানে স্টপেজের ব্যবস্থা করলে এ লাইনে চলাচলকারী যাত্রীরা ট্রেনের সুবিধা পেত এবং রেল কর্তৃপক্ষও অধিক রাজস্ব পেত বলে স্থানীয়রা মনে করেন।
গত বছরের ২ নভেম্বর কালুখালী-ভাটিয়াপাড়া ট্রেন পুনরায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জের ট্রেন চলাচল শুরু হয়।
নতুন চালু হওয়া এই রুটে ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারীতে দুই মিনিট করে থামা ছাড়া কালুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত বিরতিহীনভাবে সপ্তাহে ৬দিন চলাচল করে আন্তঃনগর এক্সপ্রেসটি।
মধুখালীর বাসিন্দা আহসান হাসিব পিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রুটের বাকি আটটি স্টপেজে যাত্রীরা রেলের এই সুবিধা পাচ্ছে না। এতে এই রুটে ট্রেনটি কাঙ্খিত যাত্রীও পাচ্ছে না।
বোয়ালামারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া জানান, “আমাদের অঞ্চলের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এ ট্রেনটি। এই রুটে আন্তঃনগর এক্সপ্রেসটি মাত্র চারটি স্টেশনে থামে, তাও আবার ২ মিনিট করে, যার কারণে অন্য স্টেশনের যাত্রী বা ব্যবসায়ীরা তাদের সুবিধা ভোগ করতে পারছে না।”
এ রুটে রেল যোগাযোগকে লাভজনক করতে হলে অবশ্যই লোকাল ট্রেন চালু করতে হবে বলে তিনি মনে করেন।
মধুখালীর বাসিন্দা ওয়ার্কার্স পার্টির পলিব্যুরোর সদস্য মোনজ সাহা জানান, দীর্ঘদিনের কাঙ্খিত ট্রেন চালু হওয়ায় এ অঞ্চলের মানুষ খুশি, কিন্তু এখন দরকার একটি লোকাল ট্রেনের, যাতে এই রেল পথের সকল যাত্রী ট্রেনের সুবিধা পায়।
ট্রেনটির বোয়ালমারীর যাত্রী সাদিয়া জামান জানান, লোকাল ট্রেন চালু করা হলে ভাড়া কমত, অন্যদিকে যাত্রীর সংখ্যা অনেক বেড়ে যেত, ব্যবসায়ীরাও পণ্য আনানেওয়া করতে পারত।
মধুখালীর স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন বলেন, লোকাল ট্রেন চালুর বিষয়ে আমরা রেল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি অল্প সময়ের মধ্যে আরেকটি ট্রেন চালু করা হবে।
ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুধালী-আলফাডাঙ্গা) সংসদ সদস্য আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুখালী-ভাটিয়াপাড়া রেল এ অঞ্চলের মানুষের আন্দোলনের ফসল। দীর্ঘ ১৬ বছর পর বর্তমান সরকার এই রুটে ট্রেন চালু করেছে।
তিনি বলেন, “এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আমি রেলমন্ত্রীকে লোকাল ট্রেন চালুর বিষয়টি জানিয়েছি। মন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে মধুমতি এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেন চালু করা হবে।”
