চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ সদরে ‘পারিবারিক কলহের’ জেরে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার চর অনুপনগর এলাকার এদুল মাঝির ঘাট সংলগ্ন মহানন্দা নদীর চরে গৃহবধূ ফাতেমা বেগমের (৩৫) লাশ পাওয়া যায়।
নিহত ফাতেমা উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ইসলামপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে কোনো এক সময় স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয় আলাউদ্দিন। সকালে মহানন্দা নদীর চরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
