সীমান্তে স্বর্ণসহ ভারতীয় আটক
বেনাপোল চেক পোস্ট দিয়ে সীমান্ত পার হওয়ার পর তিন কেজি তিনশ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক ভারতীয় যাত্রীকে আটক করেছে সেদেশের শুল্ক কর্মকর্তারা।
ফাইল ছবি
চেক পোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার দুপুরে আটক ভারতীয় ওই যুবক পাসপোর্টে সীমান্ত অতিক্রম করেছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে পেট্রাপোল চেক পোস্টে দায়িত্বরত শুল্ক কর্মকর্তারা তাকে আটক করেন।
পরে তার ব্যাগ তল্লাশি করে ১৩টি সোনার বার উদ্ধার করে, যেগুলোর ওজন ৩ কেজি ৩শ’ গ্রাম।
জাহাঙ্গীর হোসেন আরো জানান, বেনাপোল চেক পোস্ট কাস্টমসে স্ক্যানার মেশিন থাকলেও তা ব্যবহার করা হয় না। স্ক্যানার মেশিন ব্যবহার না করায় গত শুক্রবারও চার জন ভারতীয় পাসপোর্ট যাত্রী ৫ কেজি ৭শ’ গ্রাম স্বর্ণ নিয়ে ওপারে শুল্ক কর্মকর্তাদের হাতে আটক হয়।
স্ক্যানার মেশিন ব্যবহৃত হলে বেনাপোলে তাদের আটক করা সম্ভব হতো বলে তিনি দাবি করেন।
কীভাবে সোনার চালানটি নিয়ে বাংলাদেশ চেক পোস্ট পার হলো গোয়েন্দা সংস্থার লোকজন তা খতিয়ে দেখছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
