চকবাজারে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীর চকবাজার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে অরফানেজ রোডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দেয়ালের কাছে একটি কার্টনের ভেতর লাশটি পাওয়া যায়।
চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অরফানেজ রোডে চলাচলরত লোকজন কার্টনের ভেতর একটি চটের বস্তার দিয়ে মোড়ানো এক ব্যক্তির লাশ দেখতে পান।
পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। লাশের হাত ও পা ছোট ছোট রশি দিয়ে বাঁধা ছিল।
আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে শার্ট ও প্যান্ট রয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, মৃত ব্যক্তির দুই কাঁধে প্রচুর রক্ত জমাট রয়েছে। দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর সকালেই লাশটি কার্টনে ভরে ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
