২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনায় মাকে হত্যা করে মেয়েকে অপহরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাড়িতে ঢুকে মাকে কুপিয়ে হত্যার পর মেয়েকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:23 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার দর্শনার আজমপুর এলাকার ওই ঘটনায় নিহত তহমিনা খাতুন (৪৫) আব্দুল কাদেরের স্ত্রী।    

মূলত তহমিনার মেয়ে জ্যোৎস্না খাতুনকে (২৫) অপহরণ করার সময় বাধা দিলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ৬ থেকে ৭ জন সশস্ত্র দুর্বৃত্ত মাইক্রোবাসযোগে দর্শনার আজমপুর কবরস্থানের কাছে আসে। এই সময়ে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে দুর্বৃত্তরা আব্দুল কাদেরের বাড়িতে হানা দেয়।

“সেখান থেকে জ্যোৎস্নাকে অস্ত্রের মুখে অপহরণের সময় তহমিনা বাধা দিলে তার মা তহমিনা খাতুন বাধা দেয়। এসময় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তহমিনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।”

গুরুতর আহত তহমিনা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জমান জানান, লেখাপড়ার পাশাপাশি জ্যোৎস্না খাতুন স্থানীয় একটি এনজিওতেও চাকরি করতেন।

তিনি বলেন, “দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শরু হয়েছে। তাদের খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।”