বাগেরহাটে চিংড়ি চাষিকে হত্যায় ৬ জনের ফাঁসি
এক দশকেরও বেশি সময় আগে এক চিংড়ি চাষিকে হত্যার দায়ে ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
মামলার আসামিদের মধ্যে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন পাঁচজন।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
আসামিদের সবার বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানান আদালতের পিপি শেখ মোহাম্মদ আলী।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিব হাওলাদার ও তার ভাই মোস্তফা হাওলাদার, বেল্লাল ফরাজি, শহীদ মল্লিক, আলী আজীম ফরাজী এবং লাভলু খাঁ।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- আফজাল খাঁ ও আনসার আকন। তাদের দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অর্থ না দিলে আরো এক বছর কারাগারে কাটাতে হবে তাদের।
২০০৩ সালের ১৫ জুলাই মোড়েলগঞ্জের পুর্ববহরবনিয়া গ্রামে নিজের চিংড়ি ঘেরে খুন হন জাফর জমাদ্দার। পর দিন
১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী হালিমা বেগম।
এ মামলায় ২০০৫ সালে ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল মতিন।
