২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ইন্টারটেক’-এর পরীক্ষাগার

যুক্তরাজ্য ভিত্তিক মান নির্ণয়কারী প্রতিষ্ঠান ‘ইন্টারটেক’ ঢাকায় একটি পরীক্ষাগার বা ‘ল্যাব’ চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ল্যাবটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এই ল্যাবের মাধ্যমে তৈরি পোশাক ও পাদুকা (ফুটওয়্যার) পণ্যের মান পরীক্ষা করা যাবে। এছাড়া এই ল্যাবে বৈদ্যুতিক, খাদ্য, খনিজ, কৃষিজ, কার্গো ও জিটিএস পরীক্ষা করা যাবে।

ইন্টারটেক বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করে এমন বিদেশি প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের হয়ে মান পরীক্ষা করে থাকে। কিন্তু ঢাকার এই ল্যাবে স্থানীয় বাজারের পণ্যের মানও পরীক্ষা করা যাবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, ইন্টারটেক দক্ষিণ এশিয়ার পরিচালক রাজেশ সায়গল, ইন্টারটেক বাংলাদেশের পরিচালক কার্তিক এন ডি বক্তব্য রাখেন। এসময় তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে অনেক দেশে তৈরি পোশাক ও ফুটওয়্যার রপ্তানি হয়। এসব পণ্যের ক্রেতারা পণ্য নেওয়ার আগে তার মান পরীক্ষা করে নেয়। তাতে বেশ সময় লেগে যায়।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের রপ্তানি খাতের বিশেষ সম্ভাবনা রয়েছে বলেই ইন্টারটেক ঢাকায় ল্যাব স্থাপন করলো। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে এটি তারই প্রমাণ।”

সরকারি মান নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মান সনদ যাতে বিশ্ব বাজার গ্রহণ করে, সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “এই ল্যাব স্থাপনের ফলে দ্রুত রিপোর্ট পাওয়া যাবে। পণ্য সরবরাহও সহজ হবে।”

রাজেশ সায়গল বলেন, “এই ল্যাবের মাধ্যমে ইন্টারটেক স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের আরও উন্নত সেবা দেবে। এই অঞ্চলের রপ্তানিকারকরা তাদের পরীক্ষার ফলাফল দ্রুত জানতে পারবে।”

কার্তিক এন ডি বলেন, “আমরা আশা করছি এই ল্যাবের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের সুনাম আরও বাড়বে।”

প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের ওয়ান স্টপ সার্ভিস দেবে বলেও জানান কার্তিক।

ইন্টারটেকের দাবি, এক লাখ বর্গফুট আয়তনের এই ল্যাবটি এশিয়ার মধ্যে বৃহত্তম।