২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছদ্ম নামে ১৯ বছর

ছদ্ম নামে ১৯ বছর নিজ বাড়িতে থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 06:07 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম সরকার জানান, গ্রেপ্তার করে দুদিন জিজ্ঞাসাবাদের পর রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত বেলায়েত হোসেন (৬৫) হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের তারকান্দি গ্রামের ফয়েজউদ্দিন মুতাহিতের ছেলে।

১৯৯২ সালে লক্ষ্মীপুর জেলা থেকে ডাকাতি করে ফেরার পথে গুলি করে একজনকে হত্যা করে। এ ঘটনায় লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালত ১৯৯৫ সালে আট ডাকাতের বিরুদ্ধে খুন  ও ডাকাতির মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেলায়েত একজন।

উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম সরকার  বলেন, কয়েক বছর পলাতক থাকার পর বেলাল নাম নিয়ে নিজ বাড়িতে এসে রিকশা চালাতে থাকেন বেলায়েত। এভাবে ১৯ বছর তিনি ছদ্ম নামে থাকেন।

পরে হাইমচর থানা পুলিশ গোপনে বিষয়টি জানতে পেরে তাকে গ্রেপ্তার করে।

হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, শুক্রবার বেলালকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নাম গোপন রাখার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।