২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ খুন, সতীনসহ আটক ৩

যশোরের চৌগাছা উপজেলায় এক গৃহবধূকে খুন করে লাশ গুম করার সময় সতীনসহ তিন জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:01 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার আড়পাড়া সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত রহিমা বেগম (২৮) উপজেলার হুদা হাজিপুর গ্রামের জহুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

আটকরা হলেন জহুরুলের প্রথম স্ত্রী ফাতেমাতুজ্জোহরা, তার ভাই বারীনগর গ্রামের প্রয়াত রবিউল ইসলামের ছেলে রেজানুল ইসলাম এবং অটো চালক শহিদুল ইসলাম।

পুলিশ জানয়, শনিবার গভীর রাতে জহুরুলের প্রথম স্ত্রী ফাতেমাতুজ্জোহরারর যশোর সদরের বারীনগরের বাড়িতে রহিমা খুন হন। ওই বাড়িতে জহুরুল দুই স্ত্রী নিয়ে বসবাস করতেন।

চৌগাছা থানার ওসি আকরাম হোসেন জানান, দুপুরে একটি অটোরিকশা উপজেলার আড়পাড়া সৈয়দপুর গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সন্দেহ হয়। তারা যানবাহনটি থামিয়ে তাতে লেপ-তোষক দিয়ে মোড়া এক নারীর লাশ দেখতে পায়।

গ্রামবাসী অটোরিকশাটি চালক ও দুই আরোহীকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক ফাতেমা ও তার ভাই রেজানুল পুলিশের কাছে স্বীকার করেছেন- শনিবার গভীর রাতে পাথর দিয়ে মাথায় আঘাত করে রহিমাকে খুন করা হয়। পরে লাশ গুমের জন্য চৌগাছার প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

ওসি আকরাম আরো জানান, হত্যাকাণ্ডের আলামত সংগ্রহে খুনিদের একজনকে নিয়ে থানা পুলিশ বারীনগর গ্রামে যায়। সেখান থেকে খুনির দেখিয়ে দেয়া পাথরটি উদ্ধার করে পুলিশ।

আটক তিনজনই চৌগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে চৌগাছা বা যশোর কোতোয়ালি থানায় মামলা হবে।