‘রাজশাহী সেফ হোম শিশুবান্ধব নয়’
রাষ্ট্র মানবিক না হলে অসহায় শিশুদের সমস্যা সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
রোববার দুপুরে রাজশাহীর বায়া সেফ হোম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বায়া সেফ হোমে আশ্রয় নেয়া শিশুদের দুর্দশা তুলে ধরে মিজানুর রহমান বলেন, রাজশাহী সেফ হোম মোটেও শিশুবান্ধব প্রতিষ্ঠান নয়। এখানকার শিশুদের ভাষা বোঝার জন্য রাষ্ট্রের কোনো দায়িত্বশীল ব্যক্তি নেই।
এদের দায়িত্বভার রাষ্ট্রের, কিন্তু রাষ্ট্র তা করতে পারেনি বলে দাবি করেন তিনি।
সেফ হোমে সরজমিনে দেখা যায়, নয়-দশ বছরের শিশু কারিমার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। প্রায় দুবছর ধরে রাজশাহী সেফ হোমে আছে সে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে সে বলে, “স্যার আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান। আমার এখানে থাকতে ভালো লাগে না। না হলে আমাকে এতিম খানায় পাঠিয়ে দেন। তাও আমি এখানে থাকতে চাই না।”
এখানে আশ্রিত শিশুদের অনেকেই জাতীয় মানবধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে।
সেফ হোম কর্তৃপক্ষ ও আশ্রিত শিশুরা জানায়, এই সেফ হোমটিতে রয়েছে খাবারের সমস্যা, নেই বিনোদন সুবিধা। এর পাশে আরেকটি ভবনে রয়েছে ৩৯ জন বুদ্ধি প্রতিবন্ধী শিশু, যারা প্রায় সময়ই চিৎকার-চেঁচামেচি করে।
এই অবস্থায় এখানে আশ্রিত ৫২ জন মেয়ে শিশুর জীবন বিষিয়ে উঠেছে বলে অভিযোগ তাদের।
হোম কর্তৃপক্ষ আরো জানায়, এদের সকলেই এসেছে আদালতের মাধ্যমে। কেউ এসেছে পাচারের শিকারের পর উদ্ধার হয়ে। কেউ এসেছে বাবা-মায়ের অমতে ১৮ বছরের আগেই বিয়ে করার অপরাধে। আবার কেউ এসেছে ঠিকানাহীন অবস্থায়।
সেফ হোমের তত্বাবধায়ক সিদ্দিকা সোহেলি রোশনি সাংবাদিকদের জানান, রাজশাহী সেফ হোমে ৫০ জনের আবাসনের স্থলে রাখা হয়েছে ৯১ জন শিশু এবং দুইজন বৃদ্ধা। শিশুদের সবারই বয়স নয় বছরের উপরে এবং আঠারো বছরের নিচে।
এদের জন্য ১৩ জন সেবিকা থাকার কথা থকলেও আছে মাত্র ছয়জন। এছাড়ও রয়েছে আইনগত অনেক সমস্যা। ফলে এখানে অনেক শিশুকে তার ইচ্ছের বিরুদ্ধেই এখানে রাখতে হচ্ছে।
