রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে স্মরণ
নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটের মংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার কবির গ্রামের বাড়ি মংলার মিঠাখালীতে নানা কর্মসূচি পালন করে রুদ্র স্মৃতি সংসদ।
সংসদের উদ্যোগে সকালে সংসদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা প্রবল বৃষ্টির মধ্যেই মিঠাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পন করেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা আফজাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদের সম্পাদক আসাদুজ্জামান টিটো।
সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন আপোষহীন যোদ্ধা। সমাজের সকল বৈষম্য, অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন রুদ্র তার কবিতা, গান নিয়ে মানুষের বেঁচে থাকবেন।
পরে রুদ্রের লেখা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে তার গড়া সাংস্কৃতিক সংগঠন অন্তর বাজাও ও স্থানীয় শিল্পীরা।
মাত্র পয়ঁত্রিশ বছরের জীবনে রুদ্র রচনা করেন সাতটি কাব্যগ্রন্থ-উপদ্রুত উপকূল (১৯৭৯), ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১), মানুষের মানচিত্র (১৯৮৪), ছোবল (১৯৮৭), গল্প (১৯৮৭), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮) ও মৌলিক মুখোশ (১৯৯০)।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিকে অবলম্বন করে তিনি ‘বিষ বিরিক্ষের বীজ’ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। এছাড়া তিনি বেশ কিছু গল্প লিখেছেন।
তার রচিত ও সুরারোপিত ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় হয়েছে।
