স্ত্রীকে এসিড নিক্ষেপ
স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন নারায়ণগঞ্জের এক তরুণী।
শনিবার দুপুরে ওই তরুণীকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নারায়ণগঞ্জের আনন্দ নগরের ওই তরুণী নিজের পছন্দে ১৫ দিন আগে বিয়ে করেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আহতের খালাত বোনের স্বামী ওমর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ দিন আগে সে মামুন নামের এক যুবককে কোর্টে গিয়ে বিয়ে করে। পরে পারিবারিকভাবে বিয়েটা মেনেও নেয়া হয়।
তবে মামুন পরিচয় গোপন করে এই বিয়ে করেছিল বলে দাবি করেন ওমর, যা এসিড ছোড়ার পর প্রকাশ পায়।
“সকালে মামুনের সঙ্গে তার একটি দাওয়াতে যাবার কথা ছিল। মামুন তাকে শাখা আর সিঁদুর পরিয়ে নিয়ে যেতে চায়। প্রশ্ন করা হলে মামুন স্বীকার করে যে ধর্মীয় পরিচয় গোপন করে সে বিয়ে করেছে।”
এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মামুন তার স্ত্রীর মুখে, গলায় এসিড মেরে পালিয়ে যায় বলে জানান ওমর।
এসিড আক্রান্তের বাবা পেশায় রাজমিস্ত্রি।তার দুই মেয়ের মধ্যে এসিডদগ্ধ তরুণী বড়।
ওমর আলী বলেন, “আমি মামুনের শাস্তি চাই। ওর মতো পোলাগো শাস্তি হইলে কোনো মাইয়ার এমনে কপাল পুড়ব না।”
