শামীমের ওপর হামলার ঘটনায় মামলা
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় তিনজনকে আসামি করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। তবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক প্রতিপক্ষ এ হামলায় জড়িত থাকতে পারে বলে মামলায় বলা হয়েছে।
শামীমের চাচা নাসির আহমেদ বাদী হয়ে শুক্রবার রাত ১১টায় এই মামলা দায়ের করেন বলে ধানমন্ডি থানার উপপরিদর্শক ইফতেখারুল আলম জানান।
এজাহারে বলা হয়েছে, “গত বৃহস্পতিবার প্রাইভেটকারে করে এনামুল হক শামীম ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে আসলে তিন জন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী যুবক তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।”
পুলিশ কর্মকর্তা ইখতেখার জানান, মামলাটি দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি-১০ এর বাসা থেকে গাড়িতে করে বেরোনোর পর হামলার শিকার হন শামীম। তার বাঁ হাতে দুটি গুলি লাগে বলে চিকিৎসকরা জানান।
গুলিবিদ্ধ শামীমকে প্রথমে বাংলাদেশ মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের নেতৃত্ব দেন।
১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জের শামীম।
