২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার ফল না পেয়ে বিপাকে বাউবির ৩৭ শিক্ষার্থী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএ/বিএসএস প্রোগ্রামের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষিত হলেও নীলফামারীর ৩৭ জন শিক্ষার্থী এখনো ফল পাননি।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, নীলফামারী উপ-আঞ্চলিক কেন্দ্রের সেনকশন অফিসারের গাফিলতির কারণেই তারা ফলাফল পাচ্ছেন না। ফলে অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

ফল না পাওয়া শিক্ষার্থী জুলফিকার আলী জানান, ২০১৩ সালে তারা মশিউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন, চলতি বছর যার ফলাফল প্রকাশ করা হয়েছে।

“কিন্তু আমাদের ৩৭ জনের ফলাফল আসেনি। নীলফামারীর সেকশন অফিসার দেওয়ান সাইফুল ইসলামের সঙ্গে দেখা করে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

Image
ইতিহাস বিকৃতি: বাউবি ভিসিসহ ৮ জনের জামিন

ইতিহাস বিকৃতি: বাউবি ভিসিসহ ৮ জনের জামিন

“বাউবিতে খবর নিয়ে আমরা জানতে পেরেছি যথাসময়ে নাম নিবন্ধন না হওয়ায় আমাদের ফল প্রকাশ হয়নি।”

শিক্ষার্থী সিরাজুল ইসলাম ও রিপন কুমার মজুমদার অভিযোগ করেন, বাউবি নীলফামারী উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের তথ্য পাঠাতে গাফিলতি করেছে কর্তৃপক্ষ। সেকশন অফিসারের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে।

এছাড়া পরীক্ষার সময় হাজিরা খাতায় শিক্ষার্থীদের যে স্বাক্ষর নেয়া হয়েছিল সেটি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়নি বলে দাবি করেন তারা।

অভিযোগ অস্বীকার করে উপ-আঞ্চলিক কেন্দ্রের সেকশন অফিসার দেওয়ান সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। আমার কোনো গাফিলতি ছিল না। ফলাফল যে কোনো দিন হতে পারে।”

তবে বাউবি নীলফামারী উপ-আঞ্চলিক কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, নীলফামারীর ১৬ এবং জলঢাকার ২১ জন শিক্ষার্থীর যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু কেন তাদের ফলাফল প্রকাশ হয়নি তা পরিষ্কার নয়।