২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি ফেরাচ্ছে চরের কারুশিল্পীর দিন

অবসর নেই চরাঞ্চলের নারীর। সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে আল্পনা এঁকে তাদের ব্যস্ত সময় কাটাচ্ছে। কাপড়ে এসব আল্পনায় ফুটে উঠছে ওদের শৈল্পিক মন।

চাঁদপুর প্রতিনিধি

আল ইমরান শোভন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 03:39 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

হাইমচরের নীলকমল চরাঞ্চলে বসবাসকারী নারীদের তৈরি এসব কাপড় দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। তথ্যপ্রযুক্তির কল্যাণে ঢাকাসহ বিভিন্ন জেলার ক্রেতার সাথে হচ্ছে তাদের সরাসরি যোগাযোগ। বিক্রি-বাট্টা ভাল, আয়ও মন্দ নয়। এতে ওদের সংসারে ফিরছে স্বচ্ছলতা বলে জানায় স্থানীয়রা।

হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের তিন শতাধিক পরিবার এই কাজের সাথে জড়িত।

কারুশিল্পী এক নারী জানান, এক সময় সংসারের অভাব অনটনে স্বামী-সন্তান নিয়ে অতি কষ্ট দুঃখে দিনাতিপাত করতেন তিনি। বছরে মাত্র দুই মাস তার স্বামী মাছ ধরতো। অন্য সময় বেকার থাকতো।

এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহে বুটিকের কাজে তিনি যোগ দেয়ার পর অবস্থা পাল্টেছে।

তিনি বলেন, “এখন আমার সংসারের স্বচ্ছলতা ফিরে এসেছে। সন্তানদের লেখা পড়া করাতে শুরু করেছি।

“গত ৪ বছরে আমি এ কাজে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি।”

কারু শিল্পী কাউছার ও সুমন জানান, ৭ বছর আগে এ কাজ শুরু করেন।

অভাবের কারণে পড়াশোনা করতে রা পারা এই দুই কারুশিল্পী আরো জানান, শুরুতে তাদের কর্মস্থল কারখানাটি ছোট থাকলেও এখন অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।

প্রথম মজুরি কম থাকলেও এখন তাদের প্রত্যেকে মাসে ৮ হাজার টাকা করে আয় করেন।

এ কাজের উদ্যোক্তা সাউদ জানান, চরাঞ্চলে এক সময় কোন শিল্পকারখানা ছিল না। এখানকার বেশিরভাগ লোক কৃষি কাজ করত। অন্য সময় কোন কাজ না থাকায় অনেকে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ত।

তিনি বলেন, “আমরা এ কাজের উদ্যোগ নেওয়ায় এখন প্রায় ৩শ’ থেকে ৪শ’ পরিবারের কর্মসংস্থান হয়েছে।

“এই এলাকার ছেলে-মেয়েদের এখন ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে গার্মেন্ট-এ কাজ করতে হয় না। নিজের এলাকায় থেকেই কাজ করে স্বচ্ছলতা ফিরছে ওদের।

“অনেকে মেয়েদের ভালো স্থানে বিয়ে হচ্ছে।”

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে জানান, তথ্য প্রযুক্তির ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে রাজধানী ছেড়ে একেবারে গ্রামাঞ্চলে ক্ষুদ্র উদ্যোগক্তারা বিনিয়োগ শুরু করেছে এবং এই এলাকায় এখন বহু কারু শিল্পকারখানা গড়ে উঠেছে।

এখানকার উৎপাদিত পণ্য ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে সারা দেশের পাইকারী ক্রেতাদের সাথে সহজেই যোগাযোগ করে বিক্রি করতে পারছে।

এই ধরনের উদ্যোগের ফলে এলাকার বহু বেকার ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাদেরকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি মহলে যোগাযোগ চলছে।

তিনি আশা করেন এই উপজেলা হতে পারে দেশের কারুশিল্পের মডেল।