চাঁপাইনবাবগঞ্জে শ্যালোযান চালকদের সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধের পাঁচ ঘন্টা পর আটক যানবাহন ফিরিয়ে দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তা প্রত্যাহার করে নিয়েছেন শ্যালো ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনের চালকরা।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আটক যানবাহন ফিরিয়ে দেয়া ও চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে সদর উপজেলার বারোঘরিয়ায় মহানন্দা সেতুর পশ্চিম সড়কে এলোপাতাড়ি যানবাহন রেখে এ অবরোধ শুরু করেন চালকরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জসিম উদ্দীন বলেন, “জেলার নসিমন, করিমনসহ শ্যালোযান চালকরা এলোপাতাড়ি যানবাহন রাখায় মহানন্দা সেতুর দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
“খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়।”
চালকরা অভিযোগ করেন, পুলিশ তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে সোহেল পায়ে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ সোহেল (৩০) সদর উপজেলার টিকরা গ্রামের মো. রবুর ছেলে।
প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন।
ওসি জসিম উদ্দীন বলেন, “পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন আটক যানবাহনগুলো আগামী শুক্রবারের মধ্যে ছেড়ে দেয়ার এবং শ্যালো যান চলাচলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।
“এ আশ্বাসে দুপুর ১২টায় অবরোধ তুলে নেন চালকরা।”
