২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে নিজ ঘরে গৃহবধুর লাশ

রাজধানীর চকবাজারে একটি বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 02:12 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

বুধবার গভীর রাতে চকবাজারের সোয়ারীঘাটের নিজ বাড়ি থেকে ছামিয়া আক্তার (২৫) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 

চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, “রাত সাড়ে ১২টার দিকে সোয়ারীঘাট এলাকার একটি ভবনের চতূর্থ তলা থেকে ছামিয়ার লাশটি তার শোবার ঘরের খাটের ওপর পাওয়া যায়।”

তিনি জানিয়েছেন, ঘটনার পর থেকে ছামিয়ার স্বামী সোহেলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

সোয়ারীঘাটের ওই ভবনটির তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তলায় সোহেল এবং তার দুই ভাই পরিবার নিয়ে বসবাস করেন।

ওসি আজিজুল বলেন, “সোহেলের এক ভাইয়ের স্ত্রী মুনা পুলিশকে জানিয়েছে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ছামিয়ার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে তারা লাশটি নিচে নামিয়ে আনেন।”

তবে শ্বশুর বাড়ি থেকে আত্মহত্যা বলে দাবি করা হলেও ছামিয়ার বাবার বাড়ির স্বজনরা তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

ছামিয়ার মামা মামুন বলেন, “ছামিয়াকে হত্যা করা হয়েছে। তার স্বামীই তাকে হত্যা করে তাদের ছয় বছরের মেয়ে সারিফাকে নিয়ে পালিয়ে গেছেন।”

বিয়ের পর থেকে বেকার ও নেশাগ্রস্ত সোহেল প্রায়ই ছামিয়াকে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি। 

কেরানীগঞ্জের পশ্চিমগরিসুর এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে ছামিয়া। আট বছর আগে পারিবারিকভাবে সোহেল ও ছামিয়ার বিয়ে হয়।

ওসি আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বোঝা যাবে। তবে, আত্মহত্যা হলেও ‘আত্মহত্যার প্ররোচনাকারী’ হিসাবে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবেন স্বজনরা।”

ছামিয়ার লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।