আশুলিয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা
সাভারের আশুলিয়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
নিহত জলি আক্তার (২৪) তালটেকি এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি ক্যাপ কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
এ ঘটনায় জলির স্বামী নবীর হোসেনকে ছোরাসহ আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই আরাফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কর্মস্থলে যাবার জন্য জলি বাড়ি থেকে বের হতে গেলে নবীর তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় জলি।
এরপর স্থানীয়রা ছোরাসহ নবীরকে আটক করে পুলিশে দেয়।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
