২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা পাকিস্তান ফেরত বিহারি নই’

ভোটার তালিকায় তালিকাভুক্তির মধ্য দিয়ে নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে তুলে ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে কালশীর হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন আটকে পড়া পাকিস্তানিদের নেতারা।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 06:21 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

পুরনো খবর:

‘বিহারি’ ক্যাম্পের বাসিন্দারা ‘ভয়ে’
‘বিহারি ক্যাম্পে’ সংঘর্ষ-আগুন, নিহত ১০
রক্তপাতের পিছনে বিদ্যুত?

রাজধানীর মিরপুরের  কালশীতে হামলা-সংঘাতে ১০ জনের মৃত্যুর পাঁচ দিন পর বুধবার সচিবালয়ে গিয়ে আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয় ‘উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’।

সেদিনের ঘটনার পর থেকে মিরপুর ও মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে বিক্ষোভ দেখিয়ে এলেও এখন থেকে সড়ক আটকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার প্রতিশ্রুতি প্রতিমন্ত্রীকে দেন সংগঠনটির নেতারা।

‘উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র ১০ নেতার সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকের সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শনিবারের হামলার জন্য পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে দায়ী করা হয়। এতে বলা হয়, মূলত জমি দখলের জন্যই ওই হামলা হয়েছে।

এছাড়া সন্দেহজনক কয়েকজনের নামের একটি তালিকাও প্রতিমন্ত্রীর কাছে দেয়া হয়েছে বলে সংগঠনটির সভাপতি সাদাকাত খাঁন (ফাক্কু) সাংবাদিকদের জানান।

তিনি বলেন, “২০০৬ সালে পাশের ক্যাম্পে একই কায়দার চারজনকে হত্যা করা হয়েছিল।”

আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে শবে বরাতের রাত শেষে ভোরে কালশীর ক্যাম্পে সংঘাত বাঁধে বলে পুলিশ বলে এলেও ক্ষতিগ্রস্তরা এরজন্য স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাকে দায়ী করে আসছেন।

সাদাকাত খান বলেন, তারা নয়জনকে পুড়িয়ে হত্যাসহ ১০ জন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার, নির্ভয়ে বসবাস ও স্থায়ী জমি চান।

তাদের সঙ্গে বৈঠকে কথায় কথায় সড়কে না নামার প্রতিশ্রুতি চান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

“তারা কথায় কথায় রাস্তায় নেমে আর কোনো ধরনের ঝামেলা করবে না বলে জানিয়েছেন,” বলেন আসাদুজ্জামান।

তিনি আরো বলেন, “জমির বিষয়ে তারা (নেতৃবৃন্দ) বলেছেন। আরো কিছু কথা উঠে এসেছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে বোঝা যাবে কেন এই ঘটনা ঘটল।”

‘উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র নেতাদের সঙ্গে কথা বলার সময় এক সাংবাদিক ‘পাকিস্তান ফেরত’ বললে শহীদ আলী বাবলু নামে এক নেতা বলেন, “আমাদের পাকিস্তান ফেরত বিহারি বলবেন না। আমরা মনেপ্রাণে বাঙালি। আমরা এদেশের ভোটারও।”

ব্রিটিশ শাসন অবসানের পর ভারত-পাকিস্তান ভাগ হওয়ার সময় এই মুসলিম জনগোষ্ঠী তৎকালীন পূর্ব পাকিস্তানে আবাস গাঁড়ে এবং সাধারণভাবে তারা বিহারি হিসেবে পরিচিতি পায়।  

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই ‘বিহারিরা’ পাকিস্তান সরকারের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতায় নামে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের নাগরিক হিসেবে পরিচয় দেয়া এই জনগোষ্ঠীর ঠাঁই হয় ক্যাম্পে এবং তাদের নেতারা পাকিস্তানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদের পরিচিতি হয় আটকে পড়া পাকিস্তানি।

এই ক্যাম্পের বাসিন্দাদের ফিরিয়ে নিতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতি দেয় এবং দুই দশক আগে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী থাকার সময় ফেরানোর একটি উদ্যোগ নেয়া হলেও তা আর এগোয়নি।

পাকিস্তানের আর কোনো সরকার তাদের নিতে আগ্রহ না দেখালেও এদের নেতা প্রয়াত নাসিম খান পাকিস্তানে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়ে ছিলেন; তবে তাদের নবীন নেতারা এনিয়ে ভিন্নমত পোষণ করছেন।    

এর মধ্যে হাই কোর্টের এক রায়ে বাংলাদেশের ভোটাধিকার পান আটকে পড়া এই পাকিস্তানিরা।