বোয়ালমারীতে অননুমোদিত পশুর হাট
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে অনুমোদনহীন একটি গরু-ছাগলের হাট বসিয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা।
স্থানীয়রা জানান, পরমেশ্বরদী ইউনিয়ন তহশিল অফিসের পিছনে প্রায় এক মাস ধরে প্রতি শুক্রবার পশুরহাট বসিয়ে রশিদের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে, যার সম্পূর্ণ অর্থই তারা নিজেদের পকেটে নিচ্ছেন।
এ কারণে পাশের অন্য একটি অনুমোদিত হাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারও হারাচ্ছে রাজস্ব।
ময়েনদিয়া বাজারের পাশে বসবাসকারী ইমারত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্শ্ববর্তী সালথার সোনাপুরে সরকারি গরুর হাট ভেঙে দেওয়ার উদ্দেশ্যে কতিপয় প্রভাবশালী ব্যক্তি ময়েনদিয়া বাজারে অবৈধভাবে এ পশুরহাট বসান।
এ নিয়ে কয়েকদিন আগে সালথা-বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী বাসিন্দারদের মধ্যে সংঘর্ষ হওয়ারও অবস্থা সৃষ্টি হয়েছিল। সময়মতো পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা উপজেলার সোনাপুর গরুর হাটের ইজারাদার মো. বাদল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সরকারকে ১৭ লাখ টাকা দিয়ে সোনাপুর গুরুর হাট ইজারা নিয়েছি। কিন্তু আমার হাটের সাবেক ইজারাদাররা ময়েনদিয়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে অবৈধভাবে পশুর হাট বসান।”
তিনি বলেন, এই হাট সপ্তাহে শুক্রবার বসে, অন্যদিকে পার্শ্ববর্তী ময়েনদিয়ার অবৈধ পশুর হাটটিও একইদিনে বসানো হয়। ফলে এখানে পশুর উপস্থিতি কমে গেছে।
এভাবে চলতে থাকলে সরকারকে তার রাজস্ব দিতে সমস্যা হবে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, ময়েনদিয়া বাজারের তোহা হাটের (কাঁচা বাজার) ইজারাদার বিষ্ণু পদ সাহা, পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মান্নান মাতুব্বর, ইউনিয়ন বিএনপির সভাপতি শোয়েব বিশ্বাস, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু রাজাকারের আপন ভাগ্নে টুলু মিয়া, হবি সর্দ্দার ও ছিদ্দিক মাতুব্বরের নেতৃত্বে সরকারের অনুমতি ছাড়া এ পশুর হাট বসানো হয়।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রসিদ বলেন, বোয়ালমারীর ময়েনদিয়া বাজারের পশুর হাটটি অবৈধ। অল্প সময়ের মধ্যে উভয় গ্রুপের লোকদের নিয়ে বসবেন তিনি।
তাতে সমাধান না হলে অল্প সময়ের মধ্যেই ময়েনদিয়া পশুর হাট ভেঙে দেয়া হবে বলে তিনি জানান।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, অবৈধ গরুর হাট উচ্ছেদ করার জন্য তিনি জেলা প্রসাশক বরাবর আবেদন করেছেন। জেলা প্রসাশক বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ অবৈধ হাট উচ্ছেদের জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনও এটি উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হয়নি।
বোয়ালমালীর ইউএনও মো. সহিদুজ্জামান বলেন, ময়েনদিয়া বাজার শুধু তোহা হাট হিসেবে (কাঁচা বাজার) প্রতি বছর ইজারা দেওয়া হয়। সরকারি অনুমতি ছাড়া পশু হাট বসিয়ে টাকা আদায় করা সম্পূর্ণ অবৈধ। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে প্রশাসনের নির্দেশে গত বৃহস্পতিবার (১২ জুন) এ হাটটি বন্ধের জন্য মাইকিং করতে গেলে পরমেশ্বরদীর তহসিলদারকে গালাগাল ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
পরমেশ্বরদী ইউনিয়ন তহসিলদার আনোয়ার হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি এই অবৈধ হাট উচ্ছেদের জন্য মাইকিং করতে গেলে ময়েনদিয়া বাজার কমিটির লোকজন তাকে বাধা দেয়। পরে ভয়ে তিনি স্থান ত্যাগ করে চলে যান।
অবৈধ এ পশুর হাট প্রতিষ্ঠাতাদের একজন বিষ্ণু পদ সাহা বলেন, সরকারের অনুমতি ছাড়া পশুরহাট বসানো ঠিক হয়নি। এলাকার সাধারণ মানুষের চাহিদার কারণে হাটটি বসানো হয়েছে।
তবে অল্প সময়ের মধ্যেই জেলা প্রশাসকের বরাবর হাটের অনুমতির জন্য আবেদন করা হবে বলে তিনি জানান।
পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মাতুব্বর বলেন, এলাকার মানুষের চাহিদার কারণেই এবং পার্শ্ববর্তী সোনাপুর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের কারণেই ময়েনদিয়া ‘বাজার কমিটি’ অস্থায়ীভাবে পশুর হাট বসিয়েছে।
অল্প সময়ের মধ্যেই জেলা প্রশাসনের কাছ থেকে হাটের বৈধ অনুমোদন নেওয়া হবে বলে তিনি জানান।
