২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরদার স্যার’ চিরঘুমে

সবার শ্রদ্ধা আর ভালবাসা নিয়ে রাজধানীর আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে শেষ শয্যা নিলেন জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 03:04 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

‘মেলায় এরকম আগে লাগে নাই’
বিদ্বানকে হারালাম আমরা: রাষ্ট্রপতি
সরদার ফজলুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চলে গেলেন সরদার স্যার

রোববার সিপিবি কার্যালয়, বাংলা একাডেমিতে শ্রদ্ধা জানানোর পর্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জ্ঞানতাপসের জানাজা হয়।

জানাজা শেষে দুপুরের পর লাশ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এক সময়ের কমিউনিস্ট নেতা এবং পরে অধ্যাপনায় যুক্ত থাকা সরদার ফজলুল করিম বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শনিবার রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

মরদেহ রাতে হাসপাতালে ছিল, সেখান থেকে রোববার সকালে তা নেয়া হয় ধানমণ্ডিতে নিজের বাড়িতে। বাড়ি থেকে মরদেহ আনা হয় পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে।

এক সময়ের এই কমিউনিস্ট নেতাকে শ্রদ্ধা জানাতে সিপিবি কার্যালয়ে জড়ো হন বামপন্থি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেয়া হয় বাংলা একাডেমি চত্বরে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই অধ্যাপকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এই জ্ঞানতাপসকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলা একাডেমিতে ছুটে আসেন তার সংস্পর্শে আসা রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

অগ্রজকে শেষ শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন,“এই অঞ্চলের জ্ঞান চর্চা ও জ্ঞান জগতের অভাব পূরণ করার অঙ্গীকার ছিল তার মধ্যে। এই অঙ্গীকার পূরণের জন্য তিনি সমগ্র জীবনব্যাপী কাজ করে গেছেন এবং তিনি যা করেছেন তা অনেকেই করতে পারত না।”

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “সরদার ফজলুল করিম কখনোই খুব সুস্থ সবল দেহের অধিকারী ছিলেন না। কিন্তু শারীরিক দুর্বলতা তার কাজে কখনো প্রভাব ফেলেনি। তিনি চিরকাল বেঁচে থাকবেন তার লেখা, তার জার্নাল এবং তার হাজার হাজার শিক্ষার্থীর মাঝে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সরদার ফজলুল করিমকে একজন অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তিনি একজন অতুলনীয় ব্যক্তি ছিলেন। তার মৃত্যু বেদনাদায়ক। তিনি একাধারে ছিলেন শিক্ষক, সাহিত্যিক এবং দার্শনিক। তার চিন্তার মূল বিষয়বস্তু ছিল মানুষ এবং দেশ।

তিনি জানান, সরদার ফজলুল করিমকে ২০১১ সালের জুন মাসে বাংলাদেশের জাতীয় অধ্যাপক হিসেবে সম্মাননা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, “সরদার ফজলুল করিমের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি এবং ইতিহাসের একটি অধ্যায়ের মৃত্যু ঘটেছে।

“আজ তিনি সশরীরে আর আমাদের পাশে নেই, কিন্তু আমাদের চিন্তায়, চেতনায় প্রতীতিতে তিনি আছেন এবং থাকবেন।”

সরদার ফজলুল করিমের জন্ম ১৯২৫ সালের ১ মে বরিশাল জেলার উজিরপুর থানার আটিপাড়া গ্রামে। তার বাবা খবিরউদ্দিন সরদার কৃষিকাজ করতেন, মা সফুরা বেগম ছিলেন গৃহিনী।

১৯৪০ সালে বরিশাল জিলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় পাসের পর তিনি ঢাকায় চলে আসেন, ভর্তি হন ঢাকা কলেজে।

১৯৪২ সালে উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে পাস করার পর প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও পরে দর্শন বিভাগে চলে আসেন। ১৯৪৫ সালে দর্শনশাস্ত্রে স্নাতক এবং ১৯৪৬ সালে স্নাতকোত্তর সনদ নেন।

স্নাতকোত্তর শেষ করার বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন সরদার ফজলুল করিম। বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেলেও তা উপেক্ষা করে রাজনীতিতে সম্পৃক্ত হন, স্বেচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদ থেকেও অব্যাহতি নেন তিনি।

১৯৫৪ সালের নির্বাচনে কারাগারে থেকেই নির্বাচিত হয়েছিলেন। জীবনের ১১ বছর তাকে কারাগারেই থাকতে হয়েছিল।  

শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করতেন সরদার ফজলুল করিম। তা উল্লেখযোগ্য অনুবাদ ও রচনার মধ্যে রয়েছে, ‘প্লেটোর সংলাপ’, ‘প্লেটোর রিপাবলিক’, ‘অ্যারিস্টটলের পলিটিক্স’, ‘এ্যাঙ্গেলসের অ্যান্টি ডুরিং’, ‘নানা কথার পরের কথা’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক আব্দুর রাজ্জাক’, ‘চল্লিশের দশকের ঢাকা’, ‘নূহের কিশতি’, ‘রুমীর আম্মা’, ‘দর্শনকোষ’, ‘শহীদ জোতির্ময় গুহঠাকুরতা স্মারকগ্রন্থ’, ‘সেই সে কাল’।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরদার ফজলুল করিম ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে পাঠদান করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন তিনি।