বিদ্বানকে হারালাম আমরা: রাষ্ট্রপতি
লেখক অধ্যাপক সরদার ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “সরদার ফজলুল করিমের মৃত্যুতে দেশ একজন বিদ্বান ও দার্শনিককে হারালো।”
রোববার রাত পৌনে ১টার দিকে শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সরদার ফজলুল করিম।
শোকবাণীতে রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জাতিসংঘের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশগুলোর জোট জি৭৭ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি বর্তমানে বলিভিয়া সফরে রয়েছেন।
এদিকে পৃথক পৃথক শোক বাণীতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ আ.স. ম ফিরোজ।
ফাইল ছবি
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “সরদার ফজলুল করিম ছিলেন সময়ের সাহসী সন্তান ও প্রথিতযশা জাতীয় অধ্যাপক। তার মৃত্যু দেশের এক অপূরণীয় ক্ষতি।”
প্রধান হুইপ বলেন, “সরদার ফজলুল করিমের মৃত্যুতে বাংলাদেশ এক অনন্য লেখক, শিক্ষানুরাগী ও অধ্যাপককে হারালো। তিনি ছিলেন শিক্ষা জগতের দিকপাল। তার মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ হওয়ার নয়।”
