মামুনুর রশীদ ও আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহু বছর ধরে বাংলা একাডেমীতে বইয়ের মেলা চলে। সরদার স্যার নামে সবাই যাকে চেনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেই শিক্ষক সরদার ফজলুল করিম প্রতিবারই মেলায় যান। কিন্তু এবারের মেলা তার কাছে অচেনা অচেনা ঠেকছে।
রোববার মেলাপ্রাঙ্গণে ঢুকতেই তার সঙ্গে দেখা। ৮৭ বছর বয়সেও মেলার ভিড়ে আসার মতো দুঃসাহসী এই মানুষটিকে দুই পাশ থেকে ধরে একটু-একটু করে হাঁটিয়ে অন্বেষা প্রকাশনের দিকে নিয়ে যাচ্ছিলেন দুজন মানুষ।
মেলার মূল ফটক থেকে অন্বেষার স্টল পর্যন্ত যেতে দুবার থামতে হলো তাকে বিশ্রামের জন্য। তবে মুখের হাসিটুকু লেগেই আছে।
অন্বেষা প্রকাশন রোববারই মেলায় এনেছে দুই খণ্ডের ‘সরদার ফজলুল করিম প্রবন্ধ সমগ্র’।
স্যার কেমন আছেন- জিজ্ঞ্যেস করতেই সেই চির অনিসন্ধিৎসু সরদার স্যারকে পাওয়া গেল। তিনি উত্তর দিলেন, “কেমন আছি নয়, বলো কেন আছি?”
৬৫ বছর আগে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনশাস্ত্র পড়ানো সরদার স্যার এখনো খুঁজে চলেছেন ‘কেন’-এর উত্তর।
মেলা কেমন লাগছে- জিজ্ঞ্যেস করতেই তিনি বললেন, “মেলায় এরকম আগে লাগে নাই।”
তারপর যেন আবার খেই হারিয়ে ফেললেন। চেষ্টা করলেন কিছু মনে করতে। না পেরে আবার বললেন, “বাসায় এসো। ওদের কাছ থেকে শুনে নিও। আমি নিজেও আমার বাসা চিনি না।”
প্রকাশিত বই সম্পর্কে জানতে চাইলে মাথা চুলকে উত্তর দিলেন, “আমি কি এটা তৈরি করেছি? করেছেন তো আপনারাই।”
আবার চুপ হয়ে গেলেন স্যার। এ সময় বাংলা একাডেমীর মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন বললেন, “স্যারের স্মৃতি কাজ করছে না। কিছুক্ষণ ভালো থাকলেও আবার সব ভুলে যান।”
“প্রতিদিন মেলায় আসতে চান। বলেন এক ঘণ্টা বসে থেকে আবার চলে আসবো। কিন্তু শরীরেও তো কুলায় না।”
অন্বেষা প্রকাশিত দুই খণ্ডের সমগ্রে এ পর্যন্ত প্রকাশিত সরদার ফজলুল করিমের প্রায় শতাধিক প্রবন্ধ স্থান পেয়েছে বলে জানান প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন।
তিনি আরো বললেন, “এ পর্যন্ত প্রকাশিত স্যারের প্রবন্ধগুলো অনেকগুলো বইয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সবগুলো গ্রন্থ পাঠকের কাছে সহজপ্রাপ্যও নয়।”
এ সময় লেখকের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ। প্রবন্ধ সমগ্র’র দ্বিতীয় খণ্ডটি সরদার উৎসর্গ করেছেন এই অধ্যাপককে।
বইটি খুলেই আকাশ উচ্ছ্বাস ভরা কন্ঠে বললেন, “আমি এটা আগে জানতাম না। আমি খুবই কৃতজ্ঞ এবং আপ্লুত যে উনি আমাকে এটি উৎসর্গ করেছেন।”
এই সময় সরদার ফজলুল করিম সম্পর্কে তার কাছে কিছু জানতে চাইলে তিনি তাকে ‘অপূর্ব মানুষ’ হিসাবে আখ্যায়িত করে একটি গল্প বললেন।
“একদিন উনি (সরদার ফজলুল করিম) মগবাজারে একটি দোকানে কিছু কিনতে গিয়েছেন। এই সময় সেই দোকানী তাকে জিজ্ঞ্যেস করলেন, ‘আপনার ধর্ম কী’? উনি তখন হেসে উত্তর দিলেন, ‘আমার ধর্ম মনুষ্যত্ব, আমি মানুষ’। মহিলা তখন অবাক হয়ে জানতে চাইলেন, ‘এটা কেমন ধর্ম’? তিনি তখন বললেন, ‘ধর্ম তো তাই যা মানুষ ধারণ করে। কাঠের ধর্ম যেমন কাঠিন্য, আগুনের ধর্ম যেমন দহন করা, তেমনি আমার ধর্ম মনুষ্যত্ব’।”
এমএম আকাশ একটি বইয়ে কিছু লিখে দিতে বললে সরদরা স্যার কাঁপা-কাঁপা হাতে মুখে বানান করে আস্তে আস্তে লিখলেন, ‘অবশ্য চিরকালের আকাশকে’।
বর্তমানে বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক, স্বাধীনতা এবং বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত সরদার ফজলুল করিম ১৯৪৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে øাতক এবং ১৯৪৬ সালে øাতকোত্তর সনদ নেন। এরপর ১৯৪৮ সাল পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়েই দর্শনশাস্ত্রের অধ্যাপক হিসাবে নিয়োজিত থাকেন।
ছাত্রজীবন থেকেই শোষণমুক্ত ও মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনরত এই লেখক রাজবন্দি হিসাবে দীর্ঘ ১১ বছর কারাভোগ করেন। ১৯৫৪ সালে জেলে থাকাকালেই তিনি পাকিস্তান সংবিধান সভার সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৬৩ থেকে ৭১ সাল পর্যন্ত বাংলা একাডেমীর সংস্কৃতি বিভাগের অধ্যক্ষের পদে কাজ করেন।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭২ থেকে ৮৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন।
তার উল্লেখযোগ্য অনুবাদ ও রচনার মধ্যে রয়েছে ‘প্লেটোর সংলাপ’, ‘প্লেটোর রিপাবলিক’, ‘অ্যারিস্টটলের পলিটিক্স’, এ্যাঙ্গেলসের অ্যান্টি ডুরিং’, ‘নানা কথার পরের কথা’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক আব্দুর রাজ্জাক’, ‘চল্লিশের দশকের ঢাকা’, ‘নূহের কিশতি’, ‘রুমীর আম্মা’, ‘দর্শনকোষ’, ‘শহীদ জোতির্ময় গুহঠাকুরতা স্মারকগ্রন্থ’, ‘সেই সে কাল’ ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/পিডি/২২১০ ঘ.
bdnews24