২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরদার ফজলুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লেখক অধ্যাপক সরদার ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 12:37 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, সাবেক আইন পরিষদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দার্শনিক সরদার ফজলুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।”

রোববার রাত পৌনে ১টার দিকে শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় সরদার ফজলুল করিমের। তার ব্য়স হয়েছিল ৮৯ বছর।

হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে কয়েক দিন আগে হাসপাতালে আনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সরদার ফজলুল করিমকে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “সরদার ফজলুল করিম শিক্ষকতা, জ্ঞানচর্চা ও সামাজিক-রাজনৈতিক গবেষণার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমৃত্যু কাজ করে গেছেন। দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের উপর রচিত তাঁর গবেষণাধর্মী গ্রন্থসমূহ জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে আমাদেরকে আজীবন সত্য ও ন্যায়ের পথ দেখাবে।”

“তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।”

প্রধানমন্ত্রী প্রয়াত এই শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।