স্ত্রীর কবরের পাশে সমাহিত হবেন সরদার স্যার
রাজধানীর আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমকে।
রোববার সকাল সোয়া ১০টার দিকে শমরিতা হাসপাতাল থেকে তার মরদেহ আনা হয় ধানমণ্ডিতে নিজ বাসভবনে।
শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য একসময়ের দুঃসাহসী এই ছাত্রনেতাকে প্রথমে নেয়া হয় পুরানা পল্টন এলাকায় বাংলাদেশের কমুউনিস্ট পার্টি (সিপিবি) অফিসে। পরে সেখান থেকে বাংলা একাডেমি চত্বরে নিয়ে যাওয়া হয়।
প্রয়াত এই শিক্ষকের শ্যালক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলা একাডেমিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে বাদ জোহর আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
রোববার রাত পৌনে ১টার দিকে শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৮৯ বছর বয়সে মারা যান সরদার ফজলুল করিম, যাকে সরদার স্যার বলেই ডাকতেন তার পরিচিতজনরা।
হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করতেন তিনি। সরদার স্যারের উল্লেখযোগ্য অনুবাদ ও রচনার মধ্যে রয়েছে, ‘প্লেটোর সংলাপ’, ‘প্লেটোর রিপাবলিক’, ‘অ্যারিস্টটলের পলিটিক্স’, এ্যাঙ্গেলসের অ্যান্টি ডুরিং’, ‘নানা কথার পরের কথা’, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক আব্দুর রাজ্জাক’, ‘চল্লিশের দশকের ঢাকা’, ‘নূহের কিশতি’, ‘রুমীর আম্মা’, ‘দর্শনকোষ’, ‘শহীদ জোতির্ময় গুহঠাকুরতা স্মারকগ্রন্থ’, ‘সেই সে কাল’।
স্বাধীনতা ও বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত সরদার ফজলুল করিম ১৯৪৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতক এবং ১৯৪৬ সালে স্নাতকোত্তর সনদ নেন।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭২ থেকে ৮৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন।
