২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলা উৎসব

বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে প্রবাসী বাঙালিদের সম্পৃক্ততা বাড়াতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবছরও শুরু হয়েছে ‘আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 05:55 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ জুন তিন দিনব্যাপী এই আসরের উদ্বোধন অনুষ্ঠানে কবি-লেখক-সাহিত্যিক-সাংস্কৃতিককর্মীরা অংশ নেন।

উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নীনা আহমেদ।

ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনকে শ্রদ্ধাভরে স্মরণ করে নীনা বলেন, “বাঙালি সংস্কৃতির ঐতিহ্য অনেক পুরনো। পারিবারিক মূল্যবোধও বিশ্বব্যাপী স্বীকৃত। এসব ইতিহাস নতুন প্রজন্মের সামনে উপস্থাপনে এ ধরনের উৎসবের গুরুত্ব অপরিসীম।”

অনুষ্ঠানে ছিলেন- কবি মহাদেব সাহা, দাউদ হায়দার, আলোলিকা মুখোপাধ্যায়, ফরিদুর রেজা সাগর, শারমিন আহমেদ রিপি, জামালউদ্দিন হোসেন, ড. নূরুন্নবী, লুৎফর রহমান রিটন, নাজমুন্নেসা পিয়ারি, মাসুদা ভাট্টি প্রমুখ।

উৎসবে নতুন প্রজন্মের অংশগ্রহণে রয়েছে সেমিনার-সিম্পোজিয়াম। আরো রয়েছে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠানসহ গত একুশের বইমেলায় প্রকাশিত গ্রন্থের ওপর আলোচনা পর্ব।

‘আমার বাংলা’ স্লোগান নিয়ে শুরু হওয়া ২৩তম এই উৎসবে বিভিন্ন প্রকাশনী সংস্থার পাশাপাশি পসরা সাজিয়েছে বাংলাদেশি খাদ্য ও পণ্যের দোকান।