২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের নালিতাবাড়ী বিধবাপল্লীতে দুর্বৃত্তদের আগুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধাপল্লীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক শহীদ পরিবারের দুটি ঘর পুড়ে গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 01:17 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

বৃহস্পতিবার ভোর রাতে সোহাগপুর গ্রামে শহীদ রহিমুদ্দিনের স্ত্রী করফুলি বেওয়ার ছেলে কফিল উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তদের দেয়া ওই  আগুনে তিনটি গরুও অগ্নিদগ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

করফুলি বেওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষী দেয়ার পর থাইক্যাই আতংকে থাহি । কিছুদিন আগে কে বা কারা  আমগর একটা গরুর কান কাইট্টা দিছে ।

"আইজ রাইতে আগুনে দুইডা ঘরসহ তিনডা গরু পুইরা গেছে। কেডা এই শত্রুতামি করতাছে বুঝবার পাইতাছি না।"      

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সোহাগপুর গ্রামে গণহত্যার সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ  ট্র্যাইব্যুনাল- ২ এ জামায়াতে ইসরামীর নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে করফুলি বেওয়া সাক্ষী দেন । 

ট্রাইব্যুনাল জামায়াত নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের আপিল শুনানি চলছে।

একাত্তরের ২৫ জুলাই ভোরে সোহাগপুর গ্রামে গণহত্যা চালানো হয়। বাড়ি বাড়ি গিয়ে ১২০ জন পুরুষকে ধরে এনে হত্যা করা এবং গ্রামের নারীদের ধর্ষণ ওই জেলার বাসিন্দা কামারুজ্জামানের পরিকল্পনায় ঘটে বলে অভিযোগ রয়েছে।

এক সঙ্গে অনেক নারী স্বামী হারানোয় সোহাগপুরে বিধবাপল্লী হিসেবে পরিচিতি পায়।

আগুন দেয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান,নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন,নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল ইসলাম ,কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদারসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।