২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার ট্রলারে নিহত-আহতের টেকনাফে আনা হয়েছে

অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে দালালদের গুলিতে নিহত পাঁচ বাংলাদেশি এবং ওই ঘটনায় আহত ৪০জনকে টেকনাফে নিয়ে আসা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 07:28 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

পুরনো খবর:

মালয়েশিয়ার প্রলোভনে ট্রলারে উঠে লাশ হয়ে ফেরা

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেনেন্ট হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে ইমিগ্রেশন ঘাট দিয়ে প্রায় ৬০ জন বাংলাদেশিকে কোস্টগার্ডের দায়িত্বে টেকনাফে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আটক দালাল দুই থাই ও এক মালয়েশিয়ার নাগরিককেও আনা হয়েছে।"

তিনি জানান, আটক দালালসহ প্রায় সবাইকে টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, আটক তিন দালালের বিরুদ্ধে মানব পাচার, হত্যা ও অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে থানায় পৃথক তিনটি মামলা করা হবে।

দুই সপ্তাহ আগে তিন শতাধিক বাংলাদেশিকে নিয়ে একটি ট্রলার সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ার পথে রওনা হয়। এদের নিয়ে যাচ্ছিল মিয়ানমার ও থাইল্যান্ডের কয়েকজন দালাল।

খাবার ও পানীয় নিয়ে বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ দেখা দিলে সেন্ট মার্টিন থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দালালদের সঙ্গে বাংলাদেশিদের গণ্ডগোল হয়। বুধবার দালালদের সহযোগীদের চালানো গুলিতে ৪০ জন গুলিবিদ্ধ ও পাঁচ বাংলাদেশি নিহত হয়।

ট্রলারে থাকা বাংলাদেশিদের কাছ থেকে স্বজনদের কাছে আসা টেলিফোনের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কোস্ট গার্ড।

বিকালে ওই ট্রলার থেকে পাঁচটি লাশ এবং জীবিতদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে আসা হয়।

এ ঘটনায় ৩ বিদেশি নাগরিককে আটক করা ছাড়াও ৩১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয় ।