মালয়েশিয়ার প্রলোভনে ট্রলারে উঠে লাশ হয়ে ফেরা
অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে সাগরে ট্রলারে দালালদের গুলিতে প্রাণ হারিয়েছেন পাঁচ বাংলাদেশি। এছাড়া আরো ৪০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে।
ট্রলারে থাকা বাংলাদেশিদের কাছ থেকে স্বজনদের কাছে আসা টেলিফোনের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে যায় কোস্ট গার্ড।
বিকালে ওই ট্রলার থেকে পাঁচটি লাশ এবং জীবিতদের উদ্ধার করে সেন্ট মার্টিনে নিয়ে আসা হয় বলে কোস্ট গার্ডের উপপরিচালক কমান্ডার একেএম মারুফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
উদ্ধার যাত্রীদের মধ্যে ৪০ জন গুলিবিদ্ধ। কূলে আনার পর নৌবাহিনী ও কোস্ট গার্ডের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফাইল আহামদ জানিয়েছেন।
ওই ট্রলার থেকে তিনজন দালালকেও গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এদের দুজন থাইল্যান্ডের এবং একজন মিয়ানমারের নাগরিক।
কোস্ট গার্ড ও স্থানীয়রা জানায়, ৩ শতাধিক বাংলাদেশিকে নিয়ে এই ট্রলারটি দুই সপ্তাহ আগে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ার পথে রওনা হয়। এদের নিয়ে যাচ্ছিল মিয়ানমার ও থাইল্যান্ডের কয়েকজন দালাল।
উদ্ধার যাত্রীদের দেয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড কর্মকর্তা মারুফ বলেন, খাবার ও পানীয় নিয়ে বাংলাদেশিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তা নিয়ে সেন্ট মার্টিন থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দালালদের সঙ্গে বাংলাদেশিদের গণ্ডগোল হয়।
“এই সময় দালালদের মধ্যে ট্রলারের চালকসহ চারজন ছিল। তাদেরই একজন ওয়াকিটকির মাধ্যমে সাগরে আশেপাশে থাকা তাদের সহযোগীদের জানিয়ে দিলে অন্য একটি ট্রলার দ্রুত এই ট্রলারের কাছে আসে।”
দালালদের সহযোগীদের ট্রলার থেকে বাংলাদেশি যাত্রীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ হয় বলে কোস্ট গার্ড কর্মকর্তা জানান।
হামলাকারীরা সবাই বিদেশি ছিল জানিয়ে কমান্ডার মারুফ বলেন, “তাদের গুলিতে পাঁচজন মারা গেলে বাংলাদেশিরা এক হয়ে রুখে দাঁড়ায়। এসময় গুলিবর্ষণকারীরা পালিয়ে যায়। তবে ট্রলারে থাকা যাত্রীরা তিনজনকে ধরে ফেলে।”
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশীদ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে তিনটি জাহাজ ঘটনাস্থলের দিকে রওনা হয়।
কোস্টগার্ড ইঞ্জিনচালিত কয়েকটি নৌকা ভাড়া করে। ওই নৌকাগুলোকে ওই ট্রলারের কাছে আগে পাঠানো হয়। তারপর আটকে পড়া ট্রলারটিকে সেন্ট মার্টিন জেটিতে নিয়ে ভেড়ানো হয়।
থাইল্যান্ডের ওই ট্রলারটি পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে কোস্ট গার্ড জানায়।
মারুফ হাসান বলেন, ট্রলার ও যাত্রীদের উদ্ধারে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যান, যাতে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন যশোরের এনায়েতপুরের সেলিম (৩১) ও রুবেল (৪০), বগুড়ার কাহালুর সাইফুল (৪০), সিরাজগঞ্জের মনির (৩০)।
ট্রলারে থাকা কয়েকজন বাংলাদেশি দাবি করেছেন, গুলিবর্ষণে ছয়জন নিহত হয়। এছাড়া কয়েকজন বাংলাদেশি সাগরেও ঝাঁপিয়ে পড়ে। এক দালালও সমুদ্রে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
ওই ট্রলারে থাকা টেকনাফের উপর বাজারের পান দোকানি জিয়াউর রহমান জানান, হামলার সময় তিনজন লাফিয়ে সাগরে পড়েছিল, তারা তারপর থেকে নিখোঁজ।
হামলাকারীরা যাওয়ার সময় ইঞ্জিন নষ্ট করে দিয়েছিল, এরপর ট্রলারটি আটকে ছিল বলে জানান তিনি।
