আদালত অবমাননা: ডা. জাফর উল্লাহ ও মাহফুজউল্লাহকে অব্যাহতি
বিচারাধীন বিষয়ে টকশোতে মন্তব্য করার ঘটনায় প্রসিকিউশনের আনা আদালত অবমাননার অভিযোগ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কলামনিস্ট মাহফুজ উল্লাহসহ চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষকে অব্যাহতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে এ আদেশে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আলোচনা অনুষ্ঠান তথা ‘টক শো’গুলোতে বক্তাদের বিষয়ে কয়েকটি পর্যবেক্ষণ দেয়া হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার বিবাদীদের অব্যাহতি দিয়ে এ আবেদনটির নিষ্পত্তি করে আদেশ দেন।
আদেশে ট্রাইব্যুনাল আরো বলা হয়, “যারা টকশোতে কথা বলেন,তারা অবশ্যই দায়িত্বশীল। দায়িত্বশীল ব্যাক্তিরা ভবিষ্যতে আদালত নিয়ে কোনো ধরনের মন্তব্য করার সময় দায়িত্ব নিয়ে মন্তব্য করবেন।”
একইসঙ্গে দেশের সম্মানিত ব্যক্তিদের আরো সচেতন থেকে বিচারাধীন বিষয়ে কথা বলতে বলেছে আদালত, যাতে জনগণের মনে বিরুপ ধারণা সৃষ্টি না হয়।
এছাড়া আদেশে বলা হয়, ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানটি পুনঃপ্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাইব্যুনাল। ‘মুক্তবাক’ অনুষ্ঠানটি প্রচারিত হবে, কিন্তু শুধু ওই দিনের পর্বটি আর প্রচার করা যাবে না।
এ আদেশ ঘোষণার সময় ট্রাইব্যুনালে চ্যানেল টোয়েন্টিফোরের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান, মাহফুজউল্লাহর পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ব্যারিস্টার রুমীন ফারহানা উপস্থিত ছিলেন। অন্যদিকে উপস্থিত ছিলেন তুরিন আফরোজ, তাপস কান্তি বলসহ আরো কয়েকজন প্রসিকিউটর।
গত বছরের ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আদালত বরাবর প্রসিকিউশনের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষসহ আটজনকে বিবাদী করে অভিযোগ দাখিল করা হয়।
এরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, ‘মুক্তবাক’ অনুষ্ঠানের ওই পর্বের প্রযোজক, অনুষ্ঠানটির সঞ্চালক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী এবং সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহ।
ওই আবেদনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানে দুই আলোচক দাবি করেন যে, ‘অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অধিকার খর্ব করা হয়েছে, এতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হবে’।
