স্ত্রীকে নির্যাতনের অভিযোগে যুব উন্নয়ন প্রশিক্ষকের বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের এক প্রশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রশিক্ষক সাজ্জাদুর আরিফের বিরুদ্ধে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলাটি করেন তার স্ত্রী মরিয়ম।
আদালত মামলাটি নথিভুক্ত করার সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে মরিয়ম ও যুব উন্নয়নের প্রশিক্ষক সাজ্জাদুল আরিফের বিয়ে হয়। যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন আরিফ। যৌতুক না পেয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করেও দেন তিনি। পরে ভুল স্বীকার করে মরিয়মকে আবার ফিরিয়ে নেন।
সম্প্রতি ৫ লাখ টাকা চেয়ে আবারো মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। নির্যাতনে মরিয়ম অসুস্থ হলে বুধবার প্রতিবেশীরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
জয়পুরহাট থানার ওসি আব্দুর রশিদ সরকার বলেন, থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোসাদ্দেক হোসেন বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আরিফের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
