সিলেটে দেয়াল ধ্বসে ৩ মুত্যু: মামলা দায়ের
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে তিন শিশুর প্রাণহানির ঘটনায় মামলা হয়েছে।
নিহতদের মধ্যে দুই শিশুর বাবা আজান আলী বাদী হয়ে বুধবার সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।
‘তাচ্ছিল্যকর কাজ দ্বারা প্রাণহানির’ অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএস এণ্ড এ টি (জিভি) এর বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি শাহ জামান।
এদিকে জেলা প্রশাসন গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বুধবার তদন্ত কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসান মাহমুদ।
তিনি বলেন, “আমরা কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছি।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি বুধবার সন্ধ্যায় সিলেট এসে পৌঁছার কথা রয়েছে জানিয়েছেন বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য এসএম জুয়েল।
এদিকে বুধবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সেখানে ঝুঁকির মধ্যে থাকা ১২টি পরিবারকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন।
সাজ্জাদুল হাসান বলেন, সরকারি সাহায্য আসার আগ পর্যন্ত বাগান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাদের সরানো হবে।
স্টেডিয়াম নির্মাণে ত্রুটির বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান বিভাগীয় কমিশনার।
সোমবার গভীর রাতে টিলার উপর নির্মিত সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে ঘুমন্ত অবস্থায় এক পরিবারের তিনজনের মৃত্যু হয়।
এরা হলেন নাসিমা বেগম (১৬), তার ভাই জাহেদ আহমদ (১৪) এবং তাদের চাচাতো ভাই রুহুল আমীন (১৩)।
নাসিমা ও জাহেদের বাবা আজান আলী লাক্কাতুরা চা বাগানের শ্রমিক। রুহুলের বাবা প্রয়াত কুতুব আলীও সেখানকার শ্রমিক ছিলেন। স্টেডিয়ামের সীমানা প্রাচীরের পাদদেশে ঝুপড়ি ঘরে বসবাস করে পরিবারটি।
