সিলেটে টিলা কাটা-পুকুর ভরাটে স্থিতাবস্থা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় টিলা কাটা ও পুকুর ভরাটের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়।
ওই এলাকায় টিলা কাটা ও পুকুর ভরাট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং টিলা কাটা-পুকুর ভরাট বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছে আদালত।
পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেট সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং), সিলেটের উপ-পরিচালক, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘টিলা কেটে পুকুর ভরাট’ শিরোনামে গত ২ জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এই রিট আবেদন করা হয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “সিলেট শহরতলির টিলাগড় এলাকার সবচেয়ে উঁচু ও বড় টিলাটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ২০০৯ সাল থেকে টিলাটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বিরল প্রজাতির গাছের সংরক্ষণ টিলা’ হিসেবে ব্যবহার করে আসছিল৷ পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই মাটি কাটার যন্ত্র দিয়ে টিলাটি কেটে ফেলছে।”
টিলা থেকে কাটা মাটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ফটকের কাছে একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
