২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুই সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জের মিটামইন ও করিমগঞ্জ উপজেলায় বুধবার দুটি পৃথক সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন, আহত হন অন্তত একশ জন।  

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 07:05 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

মিঠামইনে নিহতরা হলেন নিহতরা অষ্টম শ্রেণির ছাত্রী মর্জিনা আক্তার (১৩) ও পোশাক শ্রমিক রুবেল মিয়া (১৯)। করিমগঞ্জে নিহত হন মো. জাকারিয়া (৩৫)।

কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ দুই ঘটনার খবর নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মিঠামইনের ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষ ধারালো অস্ত্র নিয়ে অপরপক্ষের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যে পড়ে মর্জিনা আক্তার ও রুবেল মিয়া মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

আহতদের কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল, মিটামইন ও অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের বারঘরিয়া গ্রামে কাঁঠাল চুরিকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত হন জাকারিয়া নামের এক ব্যক্তি। আহত হন ২০ জন।

পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।