২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পেট্রোল পাম্প মালিককে গুলি

রাজধানীর মগবাজারে দিনে দুপুরে এক পেট্রোল পাম্প মালিককে গুলি করেছে দুর্বৃত্তরা, যাকে একবছর আগেও চাঁদার দাবিতে গুলি করা হয়েছিলো বলে স্বজনরা অভিযোগ করেছেন।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

গুলিবিদ্ধ মোস্তাফিজুল হক লিমন (৪৫) মগবাজারের যমুনা ফিলিং স্টেশনের মালিক। দুই ছেলে ও এক মেয়ের জনক লিমন রামপুরার বনশ্রী এলাকার বাসিন্দা।

রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মগবাজার মোড়ে তাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা।”

আহত লিমনকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, “তার দুই পাশে গুলির আঘাত রয়েছে। তাকে অতিরিক্ত রক্ত দেয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত কি না তা এখনো বলা যাচ্ছে না।”

লিমনের ওপর হামলার সময় একই রিকশায় সঙ্গী ছিলেন তার বন্ধু আনন্দ সরকার। যমুনা ফিলিং স্টেশনের পাশেই আনন্দের একটি কসমেটিক্স পণ্য বিক্রির দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শী আনন্দ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ থেকে ছয়জন যুবক হঠাৎ করে মগবাজারের পিয়াসী বারের গলি থেকে বের হয়ে লিমন ভাইকে গুলি করে। এক মিনিটের মধ্যেই তারা কোথায় যেন চলে যায়!”

গুলিতে আহত হয়ে লিমন রিকশা থেকে পড়ে গেলে, তিনি একাই তাকে ধরে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে, পরে হলি ফ্যামিলিতে নিয়ে আসেন বলে জানান আনন্দ সরকার।

এসময় আশেপাশে অনেক লোক থাকলেও কেউ এগিয়ে আসেননি বলেও আক্ষেপ করেন তিনি।  

আনন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরও চাঁদার দাবিতে স্যারকে পায়ে গুলি  করা হয়েছিল। মগবাজারের মুকুল-রবিন গ্রুপের সন্ত্রাসীরা তার কাছে পাঁচ লাখ চাঁদা চেয়েছিল।পরে স্যার কুরিয়ারে করে দুই লাখ টাকা দিয়েছিলেন বলে শুনেছি।”

ঘটনার কথা স্বীকার করে রমনা থানার ওসি মশিউর বলেন, “গত বছরের ফেব্রুয়ারিতে লিমনকে গুলি করার ঘটনায় রমনা থানায় একটি মামলাও হয়েছিলো।”

তিনি বলেন, “অন্যান্য বিষয়ের পাশাপাশি সে মামলাকে আমলে নিয়ে আমরা লিমনকে কারা, কেন গুলি করেছে তা বের করার চেষ্টা করছি।”