খুবি শিক্ষককে পেটানো পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর করার ঘটনায় মহানগর পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আব্দুল মান্নান জানান, অভিযুক্ত সহকারী কমিশনার (ফোর্স) রবিউল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার রাতে পুলিশের হাতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দুই ছাত্র লাঞ্ছিত হওয়ার পর ছাত্ররা ক্যাম্পাস সংলগ্ন গল্লামারি পুলিশ বক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ঘটনায় মঙ্গলবারও শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস।
সকাল থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসের হাদী চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষকরা। তারা এসময় ওই এলাকার পুলিশের সহকারী কমিশনার (ফোর্স) রবিউল ইসলামের অপসারণ দাবি করেন।
পরে দুপুরের দিকে মহানগর পুলিশ কর্তৃপক্ষ রবিউল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়ার কথা জানায়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর অনেক ঘটনা ঘটেছে। কিন্ত আজ পর্যন্ত কোনো শিক্ষক পুলিশের হাতে লাঞ্ছিত হননি।
“সোমবার রাতে পরিচয় দেয়ার পরও শিক্ষক সৈকত মণ্ডলকে লাঞ্ছিত করায় শিক্ষকরা দারুণভাবে ক্ষুব্ধ হয়েছেন।”
