একরাম হত্যায় আরেকজন গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে জেলা শহরের বনানী পাড়া এলাকা থেকে আরমান হোসেন কাওসারকে (১৭) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কাওসার শহরের মধুপুর এলাকার পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমের ছেলে এবং ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণির বর্ষের ছাত্র।
এ মামলায় এ পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ জানান, আগের গ্রেপ্তারদের পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একরাম হত্যায় জড়িত অভিযোগে আরমান হোসেন কাওসারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আরমান হোসেন কাওসার ঘটনার দিন একরামের গাড়ির সামনে একটি ভ্যান গাড়ি দিয়ে সড়ক অবরোধ করেন।
ওসি আরো জানান, একরাম হত্যায় এ পর্যন্ত ১৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক ২৯ জনকে ধরতে পুলিশ অভিযান চলছে।
গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে জনসমক্ষে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
