যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের চৌরাস্তায় শনিবার রাতে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাতের এই দুর্ঘটনায় নিহতরা হলেন নজরুল ইসলাম (৩৫) ও মেহেদী হাসান (২৬)।
তারা আপন ভাই বলে যাত্রাবাড়ী থানার ওসি অবনী শঙ্কর কর জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টার দিকে ফ্লাইওভারে মোটর সাইকেল এবং মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ যায়।”
কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।
নিহতদের বাড়ি যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৩ নম্বর গেইট এলাকায় বলে ওসি জানান।
