২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে লালনের গান

সঙ্গীতের উজ্জীবনী ক্ষমতায় বিশ্বকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার সংকল্প করা হলো জাতিসংঘ সাধারণ অধিবেশনে, যাতে লালন শাহের গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন নিগার সুলতানা সুমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 08:43 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ আধিবেশন কক্ষে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক কনসার্টে লালন ব্যান্ড ও সুমি ‘আমি অপার হয়ে বসে আছি’ গানটিসহ তিনটি গান পরিবেশন করেন।    

তবে কনসার্ট শুরুর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও জন অ্যাশ বিশ্ব নেতাদের দিক নির্দেশনা দেয়ার জন্য জাতিসংঘ পরিচালিত জরিপ ‘মাই ওয়ার্ল্ড’-এর প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

জাতিসংঘ পরিচালিত ‘মাই ওয়ার্ল্ড’ জরিপটি ভবিষ্যতের পৃথিবী গড়তে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কোন ইস্যুগুলোকে প্রাধান্য দিচ্ছে, সেটি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে।

বিশ্বের নানা প্রান্তের মানুষের জন্য জাতিসংঘ তাদের জরিপে ১৬টি ইস্যু রেখেছে, যার মধ্য থেকে উত্তরদাতা তার কাছে গুরুত্বপূর্ণ প্রধান ছয়টি ইস্যু বাছাই করতে পারবেন।

জাতিসংঘ বলছে, পৃথিবীর উন্নয়নে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ছয়টি ইস্যু নিয়ে ২০১৫ সাল থেকেই যেন বিশ্ব নেতারা কাজ শুরু করেন সে বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে ‘চাপ’ দেয়া হবে।       

উদ্বোধনী পর্বের সঞ্চালক ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (জনসংযোগ) পিটার লনস্কি-টিফান্থেল।

বান কি-মুন বলেন, “উন্নয়নের নতুন ধারা রচনা করতে হলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ স্থাপনের কোন বিকল্প নেই। নতুন বৈশ্বিক চাহিদা ও মানসিকতার সঙ্গে মানানসই বিশ্ব গড়ে তুলতে আমাদেরকে এক সুরে গাইতে হবে, ‘মাই ওয়ার্ল্ড’ চালাচ্ছে সে জরিপই।     

“আর এ কারণেই আজকের রাতে সঙ্গীত শিল্পীরা এখানে এসেছেন কারণ তাদের ভাষা বিশ্বজনীন। এখানে তারা এ কারণে এসেছেন এটি আবারো প্রমাণ করতে যে পৃথিবীকে বদলে দেয়ার এবং ধাক্কা দেয়ার ক্ষমতা সঙ্গীতের রয়েছে।”

মাই ওয়ার্ল্ড জরিপ সম্পর্কে বান কি মুন বলেন, “একটি নিশ্চিত ও স্থিতিশীল ভবিষ্যত গড়তে অদ্বিতীয় পরামর্শের জায়গা তৈরি হয়েছে। ২০ লাখেরও বেশি মানুষ তাদের মতামত ও অগ্রাধিকার জানাতে মাই ওয়ার্ল্ডের ওয়েবসাইটে ভোট দিয়েছেন।

“এতে ২০১৫ সালের পর পৃথিবীকে তারা কিভাবে দেখতে চায়- সে দৃষ্টিভঙ্গি উঠে আসছে। বিশ্ব নেতাদের জন্যও তারা ভবিষ্যতের পৃথিবী নিয়ে বার্তা দিয়েছেন।”  

সাধারণ অধিবেশনের সভাপতি জন অ্যাশ বলেন, “বিশ্ব নেতাদের অবশ্যই তাদের দায়িত্বশীলতা দেখাতে হবে। পুরুষ-মহিলা, যুবক-বৃদ্ধ পৃথিবীর সব জায়গার, সব জাতির, মতের এবং সংস্কৃতির মানুষ ভবিষ্যতে পৃথিবী নিয়ে তাদের চাহিদা জানাচ্ছেন। আমরা অবশ্যই তাদের কথা শুনতে বিশ্ব নেতাদের চাপ দিতে পারবো।”

তিনি বলেন, “দ্রারিদ্র্য বিমোচনের জন্য ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ একটি দারুণ পদক্ষেপ ছিল এবং এখন পৃথিবীর আরো এগিয়ে যাওয়ার সময় এসেছে। আরো অনেক মানুষকে  নিয়ে বৈশ্বিক উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। নতুন কথা শোনার প্রক্রিয়া আরো বিস্তৃত হয়েছে, বৃদ্ধি পেয়েছে।”

‘মাইওয়ার্ল্ড জরিপ’-কে বৈশ্বিক পরিবর্তনের আন্দোলনে সামিল হওয়ার একটি সুযোগ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, “জরিপে সারা পৃথিবীর ১৫ লাখের বেশি লোকের মতামত এসেছে। কিন্তু আমরা এর চেয়ে আরো অনেক বেশি অংশগ্রহণ চাই। আমরা এই জরিপে ভবিষ্যত পৃথিবী কেমন হবে সে বিষয়ে সবার মত চাই।”

জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধিসহ জাতিসংঘের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা এই অনুষ্ঠান ও কনসার্টে উপস্থিত ছিলেন।

লালন ব্যান্ডের কণ্ঠশিল্পী সুমী প্রথম গানের পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,  “প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। গরীব দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হলেও বাংলাদেশের মানুষেরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ এবং হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলে পরস্পরের সহযোগী হয়ে বসবাস করছি।

সেই ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশের আধ্যাত্মিক শিল্পী লালনের গানের প্রতিটি পরতে একই চেতনা প্রকাশিত হয়েছে। আজ জাতিসংঘ যে লক্ষ্যে কাজ করছে, তা অনেক আগেই ধ্বনিত হয়েছে লালনের গানে।’

সুমির বক্তব্য ইংরেজিতে অনুবাদ করেন লালন ব্যান্ডের সদস্য থিন হ্যান মঙ তিতি। অনুষ্ঠানে লালন-এর হয়ে আরো পারফর্ম করেন তূর্য আহমেদ, ইফতেখার ইসলাম বাপ্পি এবং রাফি ইসলাম ইমরান।

সুমির কণ্ঠে দ্বিতীয় গান ছিল ‘পাগলা ছাড়া দুনিয়া চলে না’ এবং সর্বশেষ গান ছিল ‘জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা’।

উপস্থিত সবাই বিপুল করতালিতে সুমি এবং তার দলকে অভিবাদন জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  সঙ্গীত পরিবেশন করেন ক্যারিবিয়ান ফোক ব্যান্ড ‘ক্যাসভ’,  ডেভিড রুডার, মাসেল মন্টানো ও টিজি এবং দক্ষিণ সুদানের ইমানুয়েল জ্যাল প্রমুখ।

দর্শক গ্যালারিতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছিলেন। এদের অন্যতম হচ্ছেন- সেলিনা মোমেন, সৈয়দ মুহম্মদ উল্লাহ,  আইনজীবী মুর্শেদা জামান, সবিতা দাস প্রমুখ।